বাবা-মায়ের পর দগ্ধ এক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফাইল ছবি

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় রান্নার চুলার গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মারা যাওয়া শিশুটির নাম সাফিয়ান (৭)। তার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন। তিনি জানান, শিশুটির শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

একই ঘটনায় দগ্ধ শিশুটির বাবা আবু সাঈদ হাসান (৩৮) ও মা রেখা আক্তার (২৯) আগে এই ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই দম্পতির আরেক শিশুসন্তান সাফা (৯) বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

সাঈদ গত বুধবার সন্ধ্যায় ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আর গতকাল সোমবার ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন মারা যান রেখা। তাঁর শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়।

বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশু সাফার শরীরের ১১ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

স্বজনেরা জানান, সাঈদ পরিবার নিয়ে সাতারকুল এলাকার বাড়িতে থাকতেন। ২২ মার্চ দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাঈদ ও তাঁর স্ত্রী রেখার ঘুম ভেঙে যায়। তাঁরা গ্যাসের তীব্র গন্ধ পাচ্ছিলেন। গন্ধের উৎস খুঁজতে রান্নাঘরে যান সাঈদ। তখন গ্যাসের চুলার অটো সুইচে চাপ দিলে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে দুই শিশুসন্তানসহ সাঈদ-রেখা দম্পতি দগ্ধ হন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভান। পরে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।