জাপান থেকে আসা দুই শিশুর সঙ্গে দেখা করার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসরণ না করার অভিযোগ তুলে শিশুদের বাবার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন শিশুদের মা। শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফের বিরুদ্ধে আবেদনটি করেছেন শিশুদের মা জাপানি নাগরিক এরিকো নাকানো।
আবেদনের বিষয়টি উপস্থাপন করা হলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ সোমবার শুনানির জন্য ১৯ মে দিন ধার্য করেন।
গত ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সিদ্ধান্ত দেন যে ঢাকার পারিবারিক আদালতে থাকা মামলাটির (শিশুদের বাবার করা) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই দুই শিশু তাদের মায়ের হেফাজতে থাকবে। শিশুদের বাবা তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। দুই শিশু নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তাদের মা এরিকো নাকানোর করা আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করে সেদিন ওই আদেশ দেন আপিল বিভাগ। তবে এ আদেশ অনুসরণ না করার অভিযোগ তুলে গত এপ্রিলে আবেদনটি করেন শিশুদের মা, যা ২৪ এপ্রিল চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদনটি ১৬ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
আপিল বিভাগে আজ ওই আবেদনের বিষয়টি তুলে ধরেন শিশুদের মায়ের আইনজীবী আজমালুল হোসেন কিউসি, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
পরে শিশির মনির প্রথম আলোকে বলেন, ‘আপিল বিভাগের রায় অনুসারে দুই শিশু তাদের মায়ের কাছে থাকবে। তবে স্কুলে যাওয়ার পথে বা স্কুল থেকে তাদের বাবা শিশুদের নিয়ে যাচ্ছে ও রাখছে, যা আদালত অবমাননার শামিল। আপিল বিভাগ ১৯ মে আবেদনের ওপর শুনানির জন্য দিন রেখেছেন।’
উল্লেখ্য, জাপানের নাগরিক নাকানো ও বাংলাদেশি বংশোদ্ভূত ইমরানের ২০০৮ সালের ১১ জুলাই বিয়ে হয়। তাঁদের তিন মেয়েসন্তান রয়েছে। গত বছরের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিচ্ছেদের আবেদন করেন ইমরান। এরপর গত বছরের ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। ছোট মেয়ে জাপানে রয়েছে। তবে ইমরানের কাছ থেকে দুই মেয়েশিশুকে ফিরে পেতে ঢাকায় এসে গত বছরের ১৯ আগস্ট রিট করেন এরিকো, যেখানে দুই মেয়েকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিতে তাদের আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়। অন্যদিকে ছোট মেয়েকে ফিরে পেতে আরেকটি রিট করেন ইমরান।
এরিকো ও ইমরানের পৃথক রিটের ওপর শুনানি নিয়ে দুই শিশু তাদের বাবা ইমরানের হেফাজতে থাকবে বলে গত বছরের ২১ নভেম্বর হাইকোর্ট আদেশ দেন। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন এরিকো, যা চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। পরে আপিল বিভাগ দুই শিশুকে তাদের মায়ের কাছে রাখার আদেশ দেন। বাবা শিশুদের সঙ্গে নির্ধারিত সময়ে দেখা করতে পারবেন বলে আদেশে বলা হয়। পাশাপাশি আবেদনকারী পক্ষকে (শিশুদের মা) নিয়মিত লিভ টু আপিলও করতে বলা হয়। এরপর শিশুদের মা গত ২ ফেব্রুয়ারি নিয়মিত লিভ টু আপিল করেন। এই লিভ টু আপিল নিষ্পত্তি করে শিশুরা মায়ের কাছে থাকবে ও তাদের বাবা দেখা করতে পারবেন বলে ১৩ ফেব্রুয়ারি সিদ্ধান্ত দেন আপিল বিভাগ।