বাবার স্বপ্নকে বাঁচিয়ে রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্বিতীয় জন্মদিনের এক সপ্তাহ আগে হারিয়েছি বাবাকে। বাবার সঙ্গে আমার কোনো জীবন্ত স্মৃতি নেই। কিন্তু আমি নানাভাবে বাবার স্মৃতি ও কিংবদন্তির সঙ্গে পরিচয় হয়ে বড় হয়েছি।’ শহীদ ডা. শামসুল আলম খান মিলনের একমাত্র মেয়ে শামা বিজয়া মিলন এভাবেই যুক্তরাষ্ট্র থেকে স্মরণ করেন বাবার স্মৃতিকে। তাঁর আকুতি, ‘বাবার স্বপ্নকে বাঁচিয়ে রাখুন এবং লড়াই করে যান স্বপ্নের বাংলাদেশের জন্য। যে স্বপ্ন ছিল গণতান্ত্রিক ও শোষণহীন বাংলাদেশের।’ গতকাল মঙ্গলবার ডা. মিলনের ২২তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় শামার এ আবেগঘন চিঠিটি পড়া হয়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে মিলন সংসদ আয়োজিত সভাতেও শামার এই আহ্বান ধ্বনিত হলো। আলোচকেরা স্বীকার করলেন, মিলনের মৃত্যু আগুন জ্বালিয়ে দিয়েছিল ১৯৯০ সালে। সেই আগুনেই ছারখার হয়ে গিয়েছিল স্বৈরশাসন। কিন্তু গণতন্ত্র আজও সুদৃঢ় হয়নি। সেই স্বৈরাচার এখন গণতন্ত্রের কথা বলেন। স্বপ্ন দেখেন রাষ্ট্রপতি হওয়ার। মিলনের মা সেলিনা আখতার অনুষ্ঠানে বলেন, এটা ভয়ানক, স্বৈরাচার মুখোশ পরে আছে। সুযোগ খুঁজছে। তিনি মিলন হত্যার পুনঃ তদন্তের দাবি জানান। নতুন প্রজন্মের কাছে মিলনের স্মৃতিকে জাগরূক রাখতে কিছু করার দাবিও জানান সরকারের কাছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের আগে তৈরি তিন জোটের রূপরেখার সফল বাস্তবায়ন আজও হয়নি বলে স্বীকার করলেন গতকালের সভার অন্যতম আলোচক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ তোফায়েল আহমেদ। জাতীয় সংসদ আজও সব কার্যক্রমের কেন্দ্রস্থল হয়নি জানিয়ে তোফায়েল বলেন, ‘যখন আমরা ক্ষমতায় থাকি তখন প্রধান বিরোধী দল সংসদ বর্জন করে। আবার যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন আমরা সংসদ বর্জন করি। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারি নাই।’ এ সময় গণতন্ত্রের স্বার্থে গণতান্ত্রিক শক্তির ঐক্যের তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন করারও আহ্বান জানান তিনি। ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে। কেননা, জনগণের প্রকৃত প্রয়োজন রাজনীতিবিদেরা ধারণ করতে পারছেন না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম শেখ হাসিনাকে স্বৈরাচার এবং খালেদা জিয়াকে রাজাকারের সঙ্গ ছাড়ার পরামর্শ দেন। মিলন সংসদের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পদক শরীফ নুরুল আম্বিয়া, চিকিৎসক শারফুদ্দীন আহমেদ, নারীনেত্রী শিরীন আখতার প্রমুখ।