বাবুবাজার সেতুতে দিনের বেলা অযান্ত্রিক যান নিষিদ্ধ, দুর্ভোগ
চালক ও ব্যবসায়ীদের তোপের মুখে গতকাল রোববার বাবুবাজার সেতুর ওপর দিয়ে কিছুক্ষণের জন্য অযান্ত্রিক যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এলাকার যানজট নিরসনে সম্প্রতি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।সেতুটি বন্ধ থাকায় নয়াবাজার থেকে কেরানীগঞ্জ গমনেচ্ছু মালামালবাহী বহু রিকশা ও ভ্যানচালককে গতকাল সকাল থেকে দুর্ভোগ পোহাতে হয়। সেখানে ঘণ্টার পর ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হয়। দুপুরের দিকে ধীরে ধীরে এ ধরনের যানের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে চালক ও ব্যবসায়ীরা হইচই শুরু করলে তাঁদের তোপের মুখে কিছুক্ষণের জন্য সেতুটি খুলে দেওয়া হয়।ট্রাফিক পুলিশের (দক্ষিণ) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ এলাকায় যানজট এড়াতে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সেতুর ওপর দিয়ে রিকশা, ভ্যান, ঠেলাগাড়িসহ বিভিন্ন অযান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অনেক ব্যবসায়ী অযান্ত্রিক যানে করে সেতুর ওপর দিয়ে কেরানীগঞ্জে যাতায়াত করেন। আবার অনেকে রিকশা নিয়ে চলাচল করেন। তাঁদের সবাইকে প্রথমে আটকে দেওয়া হয়েছিল। তবে দুপুরের দিকে নয়াবাজার এলাকায় সেতুর সামনে বেশ জটলার সৃষ্টি হয়। তাঁদের দুর্ভোগের কথা চিন্তা করে আধা ঘণ্টার জন্য প্রতিবন্ধক তুলে নেওয়া হয়।পুলিশের লালবাগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) রাজীব আল মাসুদ জানান, বাবুবাজার সেতুতে অযান্ত্রিক যান চলাচল করায় বেশ যানজটের সৃষ্টি হয়। যানজট এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তেমন কোনো কঠোরতা অবলম্বন করা হচ্ছে না। বিষয়টি পরীক্ষার মধ্যে রয়েছে। কারণ অযান্ত্রিক যান নিয়ে চলাচল করা মানুষের অনেক দিনের অভ্যাস। হুট করে তা পরিবর্তন করা যাবে না, ধীরে ধীরে করতে হবে। ইতিবাচক হলে তবেই তা বলবৎ রাখা হবে।মাসুদ জানান, ব্যবসায়ীরা সকাল আটটার আগে এবং রাত আটটার পরে অযান্ত্রিক যানযোগে মালামাল নিয়ে যেতে পারবেন।