বাবুবাজারে বন্ধু সেজে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাবুবাজারে গতকাল বুধবার বিকেলে নাটকীয় কায়দায় কুষ্টিয়ার একটি চাল ব্যবসাপ্রতিষ্ঠনের কর্মকর্তার ৬৫ হাজার টাকা ছিনতাই করা হয়েছে।জানা গেছে, গতকাল দুপুরে কুষ্টিয়ার সর্দার এগ্রো ফুডের কর্মকর্তা গোলাম মোস্তফা বাবুবাজার এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে তাগাদা শেষে ৬৫ হাজার টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তিনি বাবুবাজার মাজারের কাছে পৌঁছামাত্র পেছন থেকে এক ব্যক্তি মোস্তফাকে বলেন, ‘ওই গাড়িতে আপনার পরিচিত একজন আপনাকে ডাকছে।’ গোলাম মোস্তফা গাড়ির কাছে পৌঁছামাত্র গাড়ি থেকে এক ব্যক্তি তাঁকে দেখে হাসি দিয়ে ‘আরে দোস্ত তুই’ বলেই হাত বাড়ান। মোস্তফাও হাত মেলানোর জন্য বাড়িয়ে দেন। তখন গাড়ির ভেতরে বসে থাকা ব্যক্তি হাত ধরে জোরে মোস্তফাকে গাড়ির দিকে টেনে ধরেন। পেছনে থাকা ব্যক্তি ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে উঠিয়ে দরজা বন্ধ করে অস্ত্র ঠেকিয়ে ধরেন। কিছু দূরে একজন পুলিশ কর্মকর্তা দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ছিনতাইয়ের ধরন পুলিশ কর্মকর্তাসহ আশপাশের ব্যবসায়ীরা বুঝতে পারেননি। গাড়িটি বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর টোলবক্স পার হওয়ার পর গোলাম মোস্তফার কাছে থাকা ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে ছিনতাইকারীরা গাড়ি থেকে লাথি মেরে ফেলে চলে যায়।