বাবুবাজারে শ্রমিকদের ধর্মঘট, পরে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স্ক একজন শ্রমিককে মারধরের ঘটনায় পুরান ঢাকার বাবুবাজারে চালের পাইকারি আড়তে ধর্মঘট করেন শ্রমিকেরা। সে জন্য গতকাল মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত আড়তের পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ ছিল। পরে স্থানীয় কাউন্সিলর, চাল ব্যবসায়ী সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা বৈঠক করে বিষয়টি মীমাংসা করেন।
বাবুবাজারের কয়েকজন ব্যবসায়ী ও শ্রমিক জানান, গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে চালের বস্তা নামাচ্ছিলেন শ্রমিকেরা। তখন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় এক বাসিন্দা পরিবার নিয়ে বাসায় ফিরছিলেন। যানজটের কারণে যেতে না পারায় তিনি ক্ষিপ্ত হয়ে আবদুল মান্নান নামের এক বয়স্ক শ্রমিককে মারধর করেন। প্রতিবাদে সকাল থেকে পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা। তখন চালের দোকান খোলা থাকলেও কোনো বেচাকেনা হয়নি।
জানতে চাইলে শ্রমিক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘ট্রাক থেকে চালের বস্তা মাথায় করে গুদামে রাখছিলাম। হঠাৎ করে দেখি এক লোক তেড়ে আসতেছে। এসেই পেটে একটা ঘুষি দিল। অবস্থা বেগতিক দেখে বস্তা মাথায় নিয়েই গুদামের ভেতরে আশ্রয় নিলাম। কিন্তু সেখানে গিয়েও সে আমাকে মারধর করল।’
বিষয়টি মীমাংসায় দুপুর ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে বৈঠক হয়। এতে কাউন্সিলর বিল্লাল শাহ ছাড়াও বাবুবাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী ও শ্রমিকনেতা উপস্থিত ছিলেন। তবে অভিযুক্ত নাসির উদ্দিন ছিলেন না। তাঁর পক্ষে এসেছিলেন এক আত্মীয়।
কাউন্সিলর বিল্লাল শাহ বলেন, ‘সড়কের ওপর ট্রাকগুলো এলোপাতাড়ি না রাখলেই যানজটের সমস্যাটি হয় না। যাই হোক, একটা ঘটনা ঘটে গিয়েছিল। আমরা সবাই বসে সেটি মিটমাট করে দিয়েছি। এখন আর কোনো সমস্যা নাই।’