বাবুলের পরিবারকে টাকা দিল জেলা প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে দগ্ধ হয়ে মৃত চা-দোকানি বাবুল মাতবরের পরিবারকে ৪০ হাজার টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করেছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া মিরপুরের গুদারাঘাট এলাকায় মৃত বাবুলের বাসায় গিয়ে এ সাহায্য দেন।
সাহায্য পেয়ে বাবুলের স্ত্রী লাকি বেগম বলেন, ‘প্রতিবেশীদের সাহায্যে খেয়ে না-খেয়ে আমাদের দিন কাটাতে হয়। এখন কিছুদিনের জন্য হলেও বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারব।’
‘খেয়ে না-খেয়ে দিন যাচ্ছে বাবুলের পরিবারের’ শিরোনামে গত মঙ্গলবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
বিকেল চারটার দিকে জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া মৃত বাবুলের বাসায় পৌঁছান। তিনি বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ করে বাবুলের স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন। সন্তানদের সঙ্গে কথা বলার সময় বাবুলের মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে লাবণী আক্তার জেলা প্রশাসকের কাছে বাবা হত্যার বিচার দাবি করেন। জেলা প্রশাসক এই পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাবুলের মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ের পড়ালেখার খরচের ব্যবস্থা করা এবং ছেলে রাজু মাতবরের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে দেওয়া সাহায্যের মধ্যে নগদ টাকা ছাড়াও ছিল ৫০ কেজি চাল, ১০ কেজি আটা, পাঁচ কেজি করে ডাল, সয়াবিন তেল, চিনি ও আলু এবং দুই কেজি লবণ। সাহায্য হস্তান্তরের সময় সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সাবিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মতিন সরকার, প্রমুখ উপস্থিত ছিলেন।
চার পুলিশ সদস্যের উপস্থিতিতে ৩ ফেব্রুয়ারি পুলিশের শাহ আলী থানার সোর্স দেলোয়ার বাবুলকে লাথি মেরে জ্বলন্ত চুলার ওপর ফেলে দেন। এতে বাবুলের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।