‘যুদ্ধ না, শান্তি? শান্তি চাই, শান্তি’ স্লোগানে মার্কিন সপ্তম নৌবহরের চট্টগ্রামে ঘাঁটি করার খবরের প্রতিবাদ জানিয়েছে ১১ দল।গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করে ১১ দল। সপ্তম নৌবহরসংক্রান্ত খবরের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। মার্কিন আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি) সমাবেশ করেছে জাতীয় প্রেসক্লাবের সামনে।১১ দলের সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের সময় নয় মাস পাকিস্তানকে অস্ত্র দিয়ে সহায়তা করেছিল। সপ্তম নৌবহর পাঠিয়ে এ দেশের মানুষকে দমন করতে চেয়েছিল। ৪০ বছর পর আবারও সেই নৌবহরের ঘাঁটি করার পাঁয়তারা চলছে। এ দেশের গণতান্ত্রিক শক্তিকে নিয়ে সপ্তম নৌবহরের আগমন ঠেকানো হবে।’সমাবেশে ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট কেন্দ্রসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। এসব দলের কর্মীদের হাতে মার্কিনবিরোধী স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়। সমাবেশে একাত্মতা ঘোষণা করেন সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান।সিপিবির সমাবেশ: ১১ দলের সমাবেশের পরপরই সিপিবি প্রেসক্লাবের সামনে সমাবেশ করে এবং পরে মিছিল বের করে। এ কর্মসূচির শিরোনাম ছিল ‘মার্কিন সাম্রাজ্যবাদের তৎপরতা, অভ্যন্তরীণ নানা বিষয়ে মার্কিন হস্তক্ষেপ, গোপন চুক্তি, ষড়যন্ত্র, প্রাকৃতিক সম্পদ লুটপাটসহ অর্থনৈতিক নিয়ন্ত্রণ-শোষণের বিরুদ্ধে’ প্রতিবাদ। সিপিবি গতকাল দেশব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।গণতান্ত্রিক বাম মোর্চা: মার্কিন নৌবহরের ঘাঁটি করার খবরের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। সমাবেশে বক্তারা দাবি করেন, এ অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং বাংলাদেশের তেল-গ্যাসসহ প্রাকৃতিক সম্পদ লুট করার লক্ষ্যেই মার্কিন সপ্তম নৌবহরের ঘাঁটি করার পাঁয়তারা হচ্ছে।