বার কাউন্সিলের নির্বাচন চার সপ্তাহ স্থগিত
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনী কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর এ আদেশ দেন।একই সঙ্গে ঘোষিত তফসিলের অধীনে ত্রুটিপূর্ণ ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচনী প্রক্রিয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আগামী ২৮ মে বার কাউন্সিলের ওই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কাউন্সিলের ভোটার তালিকা সঠিক নয়—এমন অভিযোগ এনে মোহাম্মদ সালেহউদ্দিনসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবী গতকাল রিট আবেদনটি করেন। আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী শুনানিতে অংশ নেন। বার কাউন্সিলের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী নাজনীন নাহার প্রথম আলোকে বলেন, ভোটার তালিকা ত্রুটিপূর্ণ। সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী এক বা একাধিক জেলা বারের সদস্য। বর্তমান ভোটার তালিকা অনুসারে, বারের সদস্যরা সংশ্লিষ্ট জেলা বারেও ভোট দিতে পারেন। ফলে একজন আইনজীবী দ্বৈত ভোট দিতে পারেন, এসব দিক রিটে তুলে ধরা হয়।