বার কাউন্সিলের পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় ২৫ জনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশ বার কাউন্সিলের ‘আইনজীবী অন্তর্ভুক্তি’ পরীক্ষা চলাকালে কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ২৫ জনকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। গ্রেপ্তার বাকি ২৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আজ রোববার তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে আদালত এই আদেশ দেন।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকার মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মণ্ডল ও সাফায়েত হোসেন।
গতকাল শনিবার মারধর ও ভাঙচুরের আলাদা ৩টি মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার কাগজপত্রের তথ্যানুযায়ী, বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষা চলাকালে হামলার ঘটনার মামলায় নিউমার্কেট থানা-পুলিশ ৩৭ জনকে গ্রেপ্তার করে। মোহাম্মদপুর থানা-পুলিশ গ্রেপ্তার করে ১১ জনকে। এ ছাড়া সূত্রাপুর থানার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়।

নিউমার্কেট থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম আদালতকে প্রতিবেদন দিয়ে জানান, শনিবার নিউমার্কেট থানাধীন বিসিএসআইআর উচ্চবিদ্যালয়ে বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষার শুরু হয় সকাল নয়টায়। পরীক্ষায় অংশ নেন ১ হাজার ২৬ পরীক্ষার্থী। পরীক্ষা চলার সময় বেলা সাড়ে ১১টার দিকে ৩৭ জনসহ পলাতক আসামিরা বিসিএসআইআর সেন্ট্রাল রোডে জড়ো হন। সেন্ট্রাল রোড দিয়ে ঢুকতে না পেরে তাঁরা গ্রিন রোডের গেট দিয়ে ঢুকে পড়েন। এ সময় তাঁরা পুলিশ ও আনসার সদস্যদের মারধর করেন। সেখানে কর্তব্যরত শিক্ষক ও পরীক্ষার্থীদের ওপর আক্রমণ করেন। পরীক্ষার্থীদের খাতাপত্র ছিঁড়ে ফেলেন। বিদ্যালয়ের ৩৪টি শ্রেণিকক্ষের জানালা-দরজা ভাঙচুর করেন তাঁরা।

মোহাম্মদপুর থানার পরিদর্শক দুলাল হোসেন আদালতকে প্রতিবেদন দিয়ে জানান, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষার শুরু হয় সকাল নয়টায়। পরীক্ষা চলার সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে অন্যান্য কেন্দ্র থেকে বহিরাগত পরীক্ষার্থী পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। জোরপূর্বক কলেজের ভেতর ঢুকে পড়েন তাঁরা। তখন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে থাকা পরীক্ষার্থীদের অনেকে তাতে অংশ নেন।

পুলিশ বলছে, প্রশ্নপত্র কঠিন হয়েছে, এমন অজুহাতে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর চালান পরীক্ষায় অংশগ্রহণকারীরা। পুলিশ ও বার কাউন্সিল সূত্র জানায়, শনিবার সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এ পরীক্ষা হয়। মোট নয়টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই ঢাকার মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, মহানগর মহিলা কলেজ ও সায়েন্স ল্যাবের বিসিএসআইআর হাইস্কুল কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কেন্দ্রগুলোতে ভাঙচুর শুরু করেন পরীক্ষার্থীরা।