বারডেমে পৃথক ইউনিট হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারডেম হাসপাতালে দ্বিতীয়বারের মতো সফল যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, আগামী বছর তারা হাসপাতালে পূর্ণাঙ্গ অঙ্গ প্রতিস্থাপন ইউনিট (অর্গান ট্রান্সপ্লান্ট ইউনিট) চালু করতে পারবে। গতকাল শনিবার রাজধানীর বারডেম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ আগস্ট স্কুলশিক্ষক রেজাউল ইসলামের শরীরে তাঁর মামা কাইয়ুম আজাদের শরীর থেকে যকৃৎ নিয়ে লাগিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা। যকৃৎদাতা কাইউম আজাদ সুস্থ হয়ে বাড়ি গেছেন। রেজাউল ইসলাম হাসপাতালের একটি কেবিনে আছেন, তিনিও সুস্থ। গত বছর ৩ জুন বারডেম হাসপাতালে দেশে প্রথমবারের মতো যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছিল।সংবাদ সম্মেলনে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ একটি পূর্ণাঙ্গ অঙ্গ প্রতিস্থাপন ইউনিট করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহিদ বলেন, প্রকল্পটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর পর তিনি তা অনুমোদন করেছেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রস্তাব অনুযায়ী সহায়তা পেলে আগামী বছর তারা ইউনিট চালু করবে। সংবাদ সম্মেলনে মূল উপস্থাপনায় অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, অস্ত্রোপচারে সময় লাগে সাড়ে ১৬ ঘণ্টা। তাঁর নেতৃত্বে অস্ত্রোপচারে আরও ২৪ জন চিকিৎসক অংশ নেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারে প্রায় ৫০ লাখ টাকা খরচ হয়েছে। রোগীপক্ষ ও বারডেম কর্তৃপক্ষ ১০ লাখ টাকা করে দিয়েছে। বাকি টাকা দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক।