বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টারস অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) কমিটি বাতিল ও প্রশাসকের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। আট সপ্তাহের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে।হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি মো. শামসুল হুদা এ আদেশ দেন। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার হাইকোর্ট বারভিডার কার্যকরী কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগে বাণিজ্য সংগঠনের পরিচালকের আদেশের কার্যকারিতা স্থগিত করেছিলেন।রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান মামলা পরিচালনা করেন। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ। পরে মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত। ফলে প্রশাসক কাজ চালিয়ে যেতে পারবেন।বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক ১৮ অক্টোবর এক আদেশে বারভিডার কার্যকরী কমিটি বাতিল করেন ও মন্ত্রণালয়ের উপসচিব মোকাব্বার হোসেনকে প্রশাসক নিয়োগ দেন। এর বৈধতা চ্যালেঞ্জ করে বাতিল ঘোষিত কমিটির সভাপতি আবদুল মান্নান চৌধুরী ২০ অক্টোবর হাইকোর্টে রিট করেন। শুনানির পর সোমবার হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলে বাণিজ্য সংগঠনের পরিচালকের ওই আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এ ছাড়া বারভিডার নির্বাচনের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করতে বাণিজ্য সংগঠনের পরিচালককে নির্দেশ দেওয়া হয়। আর বোর্ডকে নির্বাচন শেষ করে আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতে বলা হয়।জানা যায়, ২০১০ সালের ২৭ ডিসেম্বর বারভিডার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই বছরের ওই কমিটির মেয়াদ আগামী ১৫ জানুয়ারি শেষ হওয়ার কথা।