বারিধারায় রাজউকের উচ্ছেদ অভিযান
ভবনের ভূতলের গাড়ি রাখার জায়গায় এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বারিধারার কূটনৈতিক এলাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
গতকাল মঙ্গলবার বারিধারার ১২ নম্বর সড়কের পশ্চিম প্রান্ত থেকে শুরু হওয়া এ অভিযানে ১০টি ভবনের গাড়ি ওঠা-নামার পথ বা র্যা ম্প উচ্ছেদ করা হয়। এই সড়কের আরও দুটি ভবনের নিচে গাড়ি রাখার জায়গায় কুপারস নামের একটি বেকারি প্রতিষ্ঠান ও একটি লন্ড্রি সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে তিন দিনের সময় দেওয়া হয়। আর ভবনের নিচে অফিসকক্ষ স্থাপনের জন্য এক লাখ টাকা জরিমানা করা হয় এক ভবন মালিককে।
অভিযানের নেতৃত্বে থাকা রাজউকের জোন-৪-এর অথরাইজড অফিসার আদিলউজ্জামান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ১২ নম্বর সড়কের প্রায় সব ভবনের র্যা ম্প রাস্তা পর্যন্ত চলে আসায় সড়কটি সরু হয়ে পড়েছে। এখানে সবাই যেন রাস্তা দখলের প্রতিযোগিতায় নেমেছেন।
একই দিনে পান্থপথ এলাকায় পরিচালিত অভিযানে গাড়ি রাখার জায়গা বাণিজ্যিক ব্যবহারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট আট লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সুন্দরম প্লাজার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানার পাশাপাশি নিচতলার দুটি দোকানও উচ্ছেদ করা হয়। এ ছাড়া ভবনের সামনে খোলা জায়গায় নকশাবহির্ভূতভাবে গড়ে ওঠা পাঁচটি ব্যাংকের এটিএম বুথ সরিয়ে নেওয়ার জন্য সাত দিনের সময় দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন। এ অভিযানের তত্ত্বাবধানে ছিলেন জোন-৫-এর অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নান।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে উত্তরার লেক ড্রাইভ সড়কে পরিচালিত অভিযানে ১৫টি ভবনের র্যা ম্প উচ্ছেদের পাশাপাশি ‘মাদার অ্যান্ড কিড’ নামের একটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান তত্ত্বাবধান করেন জোন-২-এর অথরাইজড অফিসার মিজানুর রহমান।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৮ জানুয়ারি থেকে রাজধানীর ধানমন্ডি, গুলশান ও উত্তরায় একযোগে এ অভিযান শুরু করে রাজউক। এতে প্রথম দফায় দুই শর বেশি ভবনে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। দ্বিতীয় দফায় আলাদাভাবে কিছু অভিযান চালানো হলেও ৭ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযানের জন্য নতুন একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয় রাজউকের পক্ষ থেকে। এখন চলছে চতুর্থ দফার অভিযান।