পয়োবর্জ্য গুলশান-বারিধারা লেকের পানির সঙ্গে মিশছে। এ ছাড়া পলিথিন ব্যাগ, ব্যবহূত বোতল, বিভিন্ন কঠিন বর্জ্যও লেকের মধ্যে ফেলা হচ্ছে। এই পানি ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে। এলাকায় বসবাসরত সাধারণ মানুষ বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।গতকাল শনিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে লালমাটিয়ায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এই তথ্য তুলে ধরা হয়। ‘গুলশান-বারিধারা লেকের পানির গুণগত মান: একটি সমীক্ষা প্রতিবেদন’ শীর্ষক এক সেমিনারে বাপার সহসভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ সভাপতিত্ব করেন।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়াটিক সোসাইটির সহকারী গবেষণা-সমন্বয়কারী ফারজানা আহমেদ। তিনি তাঁর প্রবন্ধে কীভাবে লেকের পানি দূষিত হচ্ছে তা উল্লেখ করেন।সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক রেজওয়ান হোসাইন ভূঁইয়া বলেন, ‘আমাদের গবেষণালব্ধ জ্ঞান বিভিন্ন স্তরের নীতিনির্ধারকদের কাছে পৌঁছানো দরকার, এ ব্যাপারে বাপা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।’ আমেরিকার গ্রান্ডভোল স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান মোল্লা বলেন, ঢাকা শহরের এই বড় জনগোষ্ঠীকে একটি পরিবেশসম্মত শহর উপহার দিতে হলে লেক ও জলাশয়গুলোকে বাঁচানো খুবই জরুরি। তিনি বলেন, এভাবে চলতে থাকলে আগামী এক দশকের মধ্যে ঢাকাকে পরিত্যক্ত নগর হিসেবে ঘোষণা করতে হবে।বাপার যুগ্ম সম্পাদক জাকির হোসেন বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে বাপার কর্মীদের একটি যোগসূত্র তৈরি করা উচিত। যাতে করে গবেষণালব্ধ জ্ঞান জনগণের মধ্যে প্রচার করার ব্যাপারে বাপা উদ্যোগ নিতে পারে।বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, পানি ও পরিবেশ দূষণ নিয়ে বাপার কাজ করার অঙ্গীকার আছে।কাজী সালেহ আহমেদ বলেন, ঢাকা শহরের পানি ক্রমাগত দূষিত হচ্ছে, জলাশয় দখল হচ্ছে, ধানমন্ডি লেকের পানিও দূষিত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাকারিয়া মিয়া, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহাবুব হোসেন, বাপার তুসরাত সুলতান, মুজাফ্ফর আহমেদ, জাহেদুর রহমান প্রমুখ।