বার্ড ফ্লু রোধে নতুন রূপে পুরোনো মুরগি বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউমার্কেটে মুরগির বাজারে গেলে এখন আগের মতো আর দুর্গন্ধময় বাতাস নাকে ঝাপটা দেয় না। বাজারের ভেতরেও হাঁস-মুরগির রক্ত, বিষ্ঠা, পালক ছড়ানো-ছিটানো নেই। নেই স্যাঁতসেঁতে পরিবেশও।বার্ড ফ্লুর বিস্তার রোধে এ বাজারের পরিবেশ বদলে ফেলা হয়েছে। আজ মঙ্গলবার নতুন চেহারায় উদ্বোধন করা হচ্ছে নিউমার্কেটের ‘বনলতা ব্যবসায়ী সমিতি চিকেন মার্কেট’।ঢাকার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ইউনিট সূত্রে জানা গেছে, বার্ড ফ্লুর ঝুঁকিতে আছে বাংলাদেশ। দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৯টিতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব রয়েছে। বাণিজ্যিক ও পারিবারিক ৩৫৬টি মুরগির খামারে বার্ড ফ্লু শনাক্ত করা হয়েছে। খাদ্য ও কৃষি সংস্থার জাতীয় প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, বার্ড ফ্লু বিস্তারের অন্যতম মাধ্যম মুরগির কাঁচাবাজার (লাইভ স্টক মার্কেট)। এ বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা গেলে বার্ড ফ্লুর বিস্তার অনেকাংশে কমানো যাবে। এ লক্ষ্যে দেশের আটটি জেলায় ‘আদর্শ’ হিসেবে ১৯টি বাজারের পরিবেশ উন্নয়ন করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় আটটি বাজারের পরিবেশ উন্নয়ন করা হবে। এর মধ্যে পাঁচটির উন্নয়নকাজ শেষ হয়েছে। আজ নতুন চেহারায় উদ্বোধন করা হচ্ছে নিউমার্কেটের পুরোনো মুরগিবাজার। ঢাকার অন্য সাতটি বাজার হলো কারওয়ানবাজার, গুলশান মুরগিবাজার, দক্ষিণ যাত্রাবাড়ী বড় বাজার, দক্ষিণ যাত্রাবাড়ী কাঁচাবাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও কাপ্তানবাজার। ইউএসএইআইডির অর্থায়নে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাজারের পরিবেশ উন্নয়নে করছে। ‘প্রাণের সুরক্ষায় পাখির কাঁচাবাজার দূষণমুক্তকরণ এবং উৎপাদন ও সংগ্রহ কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নতা’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কাজে সহযোগিতা করছে প্রাণিসম্পদ অধিদপ্তর, বাজার কমিটি ও ঢাকা সিটি করপোরেশন।ঢাকার বাইরে এ প্রকল্পের চট্টগ্রামের সিডিএ কর্ণফুলী মার্কেট, কর্ণফুলী কমপ্লেক্স মার্কেট, কক্সবাজারের বড় বাজার চিকেন মার্কেট, সিলেটের আম্বরখানা ও খানবাজার মদিনা মার্কেট, রাজশাহীর সাহেববাজার, বগুড়ার ফতেহ আলী মার্কেট, খুলনার সন্ধ্যা বাজার, গল্লামারী মাঝঘাট বাজার এবং বরিশালের চৌমাথা বাজার ও বাংলাবাজার উন্নত করা হবে।