বার্ধক্য মোকাবিলার প্রস্তুতি নিতে হবে এখনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। অর্থাৎ বেঁচে থাকলে বার্ধক্য অনিবার্য। শিশুসহ বিভিন্ন বয়সীদের জন্য আইন, নীতি সবই আছে। নেই শুধু প্রবীণদের জন্য। সরকারি, বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে বার্ধক্য মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়নি এখনো।গতকাল সোমবার বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান আয়োজিত সেমিনারে আর এক মুহূর্তও দেরি না করে বার্ধক্য মোকাবিলায় এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান আলোচকেরা।আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন উপলক্ষে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘দীর্ঘ জীবন ও ভবিষ্যৎ বিনির্মাণ’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সহসভাপতি ফরিদা মনি শহীদুল্লাহ।সেমিনারের মূল প্রবন্ধে সংগঠনের মহাসচিব এ এস এম আতীকুর রহমান বলেন, ১৯১১ সালে ৬০ বছরের বেশি বয়সী জনসংখ্যা ছিল ১৪ লাখ। শত বছর পর ২০১১ সালে এসে সংখ্যাটি দাঁড়িয়েছে এক কোটি ১৪ লাখে। অর্থাৎ শত বছরে প্রবীণ বেড়েছে এক কোটি। ২০২৫ সালে এক কোটি ৮০ লাখ এবং ২০৫০ সালে এই সংখ্যা হবে চার কোটি ৪০ লাখ। বর্তমানে দেশে ১২ জনে একজন প্রবীণ, ২০৫০ সালে পাঁচজনে একজন প্রবীণ হবেন। একসময় দেশে শিশুর চেয়ে প্রবীণের সংখ্যা বেশি হবে। গড় আয়ু বাড়ার কারণে মানুষ দীর্ঘদিন কর্মক্ষম থাকছেন। তাই এ অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুতি প্রয়োজন।আতীকুর রহমান দেশে প্রবীণদের জন্য জাতীয় নীতিমালা তৈরি, সরকারি অনুদান বাড়ানো, প্রবীণদের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া, বয়স্ক ভাতার পরিমাণ বাড়ানো এবং নারী, প্রতিবন্ধী, দলিতসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী প্রবীণদের দিকে নজর বাড়ানোর সুপারিশ করেন।এই সেমিনারের প্রধান অতিথি ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, সামাজিক বিনির্মাণে প্রবীণদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই প্রবীণদের উন্নয়নে তিনি তাঁর সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কে এম এনামুল হক সেমিনার আয়োজক সংস্থার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাপানসহ বিভিন্ন উন্নত দেশে যানবাহনে প্রবীণদের ভাড়া এক-তৃতীয়াংশ কমিয়ে রাখা হয়। বাংলাদেশে প্রবীণদের জন্য যানবাহনের ভাড়া হয়তো এক-তৃতীয়াংশ কমানো সম্ভব হবে না, কিন্তু এই প্রথা শুরু করা যেতে পারে।প্রবীণদের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে ঘোষণা দেওয়া প্রসঙ্গে কে এম এনামুল হক বলেন, ‘আমার অনেক বয়স হয়েছে। বুড়া হয়েছি। কিন্তু তার পরও কেউ বুড়া বললে মনটা খারাপ হয়। কেউ আমাকে সিনিয়র বললে হয়তো এত খারাপ লাগবে না।’সেমিনারের পর প্রবীণেরা নেচে, গেয়ে, কবিতা আবৃত্তি করে, গল্প বলে আড্ডার আসর মাতিয়ে রাখেন।এ এস এম আতীকুর রহমান বলেন, ‘প্রবীণদের জন্য কেউ চিন্তা করে না। নবীনদের নিয়েই ব্যস্ত। তাই প্রবীণদের জন্য এ আড্ডার আয়োজন। এতে তাঁরা নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ পান।’আড্ডার ফাঁকে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠান আয়োজক সংস্থার প্রতিনিধিরা।