বার্ন ইউনিটে ঠোঁট ও তালুকাটা রোগীদের অস্ত্রোপচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়েছে। তালুকাটা কলেজছাত্রী তানিয়া আক্তার ও পাঁচ মাসের শিশু তানভীরের অস্ত্রোপচারের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার বিনা মূল্যে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। হাসপাতালের পাশে বার্ন ইউনিট ভবনে এক সংবাদ সম্মেলনে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক প্লাস্টিক সার্জন সামন্ত লাল এ কথা জানিয়েছেন।সংবাদ সম্মেলনে সামন্ত লাল বলেন, বেসরকারি জরিপ অনুযায়ী বছরে ১০ হাজার শিশু ঠোঁট ও তালুকাটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। পরে পরিবার এদের নিয়ে নানাবিধ সামাজিক সমস্যায় পড়ে। এ ধরনের শিশুদের অস্ত্রোপচারের জন্য আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না। যুক্তরাষ্ট্রের একটি দাতব্য সংস্থা ‘স্মাইল ট্রেন’ অস্ত্রোপচার, চিকিৎসা খরচসহ সার্বিক সহযোগিতা করবে। তিনি বলেন, ভবনটির পাঁচতলায় ঠোঁট ও তালুকাটা সমস্যাগ্রস্তদের ভর্তির জন্য একটি আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া বাকি সব দিন এ হাসপাতালে ভর্তি হওয়ার ব্যবস্থা রয়েছে। সম্মেলনে বার্ন ইউনিটের অধ্যাপক আবুল কালাম বলেন, জন্মের ছয় মাসের মধ্যে ঠোঁটকাটা এবং ১৪ মাসের মধ্যে তালুকাটা শিশুদের চিকিৎসা করালে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব।