বালু নদে একটু শান্তির খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালু নদে বেড়াতে আসা একটি পরিবার l ছবি: আশরাফুল আলম
বালু নদে বেড়াতে আসা একটি পরিবার l ছবি: আশরাফুল আলম

খোলা আকাশ। উঁচু অট্টালিকা আটকে দেবে না চোখের সীমানা। নির্মল বাতাস। নৌকা-ট্রলারের সঙ্গে পাল্লা দিয়ে কচুরিপানাও ভেসে বেড়াচ্ছে নদের বুকে। এসব দেখতে দূরের কোনো গ্রামে যেতে হবে না। রাজধানীতেই এর দেখা মিলবে।
নতুন বাজারের ভাটারা থেকে ছয় কিলোমিটার দূরে বালু নদের বেরাইদ ঘাট। সেখানেই মিলবে ব্যস্ত ঢাকা থেকে একটু প্রশান্তির হাওয়া।
তুহিন আহমেদ নতুন বাজার থেকে সপরিবার ঘুরতে এসেছেন। ট্রলারের ছাদে বসে মাঝির জন্য অপেক্ষা করছেন। মাঝি ঘাটের হিসাব বুঝে পেলেই ট্রলারটি ছাড়বেন। তাঁরা যাবেন ইছাপুর পর্যন্ত। তুহিন এ নিয়ে দ্বিতীয়বার এসেছেন। তিনি বলেন, ‘ঢাকায় তো এমন জায়গা পাওয়া যায় না। তাই আবার এসেছি। এখানে এলে শান্তি লাগে।’
বেরাইদ ঘাট থেকে সারা দিনই খেয়ানৌকা চলে। ওপারে ইছাপুর গ্রাম। গ্রামের লোকজন নানা প্রয়োজনে ঢাকায় আসে। তখন এই খেয়া পাড়ি দিয়েই তাদের আসতে হয়। খেয়া পারাপারের পাশাপাশি বেড়াতেও মানুষ ট্রলার ভাড়া করে।

লুৎফর জামান প্রায় ২৫ বছর ধরে এখানে ট্রলার চালান। বাড়ি ইছাপুর। তিনি বললেন, ‘ওই গ্রামের মানুষই পার অয় বেশি। কয়েক বছর ধইরা মানুষ ঘুরতেও আহে। শুক্কুরবার-শনিবার লোক বেশি অয়।’

গত শুক্রবার বিকেলে গিয়ে দেখা যায়, একের পর এক নৌকা-ট্রলার আসছে, যাচ্ছে। বেশির ভাগই খেয়া পারাপার। বেড়াতে আসা মানুষের সংখ্যা কম। ট্রলারে ওঠার জন্য সিঁড়ি আর বাঁশের সাঁকো আছে। কচুরিপানা ভাসছে নদে। একদল যুবক ট্রলারে করে গান বাজিয়ে নাচানাচিও করছেন।

বেরাইদ ঘাটে দাঁড়িয়ে ওপারে তাকালে মনে হবে, নীল আকাশের সাদা মেঘগুলো যেন তীরের গাছপালা ছাপিয়ে পানির সঙ্গে মিশে যাবে। বেলা যত গড়িয়ে যায়, গোধূলির লালচে আলো ছড়িয়ে পড়ে নদের বুকে। ঘাটের লোকেরা বললেন, বালু নদ দিয়ে যাওয়া যায় নারায়ণগঞ্জের ইছাপুর পর্যন্ত। সেখান থেকে যাওয়া যায় বাংলাদেশের যেকোনো জেলায়।

ঘাটে ছোট ছোট মুদিদোকান আছে। বেড়াতে আসা অনেকেই চিপস, কোমল পানীয়সহ শুকনো খাবার কিনে ট্রলারে উঠছেন। তিতুমীর কলেজের শিক্ষার্থী সুমাইয়া বীথি বন্ধুদের নিয়ে ট্রলারের ছাদে উঠেছেন। বললেন, ‘জায়গাটার নাম শুনেছি, আজকে এলাম। ছাদে উঠলে চারপাশটা ভালো দেখা যায়।’

ঘাটের ইজারাদার মো. নাজির। কতগুলো নৌকা যাবে, কার পরে কে যাবে—এসব তিনি তদারক করেন। নাজির বললেন, ইছাপুর আর বেরাইদ ঘাট মিলে প্রতিদিন প্রায় ২৫টি নৌকা-ট্রলার যাতায়াত করে। বেরাইদ থেকে ইছাপুর যেতে জনপ্রতি ২০ টাকা। একটি ট্রলারে আটজন ওঠে। আবার কেউ চাইলে ঘণ্টা চুক্তি হিসেবে ঘুরতে পারে। এতে অবশ্য একটু বেশি খরচ পড়বে। ঘণ্টাপ্রতি ভাড়া তিন-চার শ টাকা।

সন্ধ্যার পর নৌকা-ট্রলার চলাচল বন্ধ থাকে। মুঘল মিয়া নামের এক মাঝি বলেন, রাতের দিকে মানুষজনের চলাচল কমে যায়। ঘুরতে আসা মানুষের সংখ্যাও কম। জায়গাটা একটু বেশি ভেতরে হওয়ায় লোকজন কম আসে।

ভাটারা থেকে সোজা এক রাস্তা বেরাইদ গ্রাম। পথে যেতে যেতে সুন্দর দৃশ্য চোখে পড়বে। বসতি কম। বিভিন্ন আবাসিক প্রকল্পের সাইনবোর্ড টাঙানো। শরৎকাল বলে রাস্তার দুই ধারে চোখজুড়ানো কাশফুল। বেশ কয়েকটি সাঁকো আছে। ছুটির দিন হওয়ায় পরিবার-পরিজনসহ ব্যক্তিগত গাড়ি, মোটরবাইক করে এসে অনেকেই রাস্তার পাশে সময় কাটাচ্ছেন। ফুচকা, চটপটি, বাদামের দোকান পুরো রাস্তাতেই পাওয়া যাবে। এ ছাড়া কিছু রেস্তোরাঁও রয়েছে।

নতুন বাজারের ভাটারা থেকে অনেক অটোরিকশা ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি ২০ টাকা। ঘাটে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই পৌঁছানো যাবে।