বালু ফেলে নদী ভরাটের বিরুদ্ধে অভিযান হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বালু ফেলে নদীর তীর দখল বন্ধ করার জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে। আগামী মাস থেকে রাজধানীসংলগ্ন বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদের তীরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান শুরু হচ্ছে।একশ্রেণীর দখলদার নদীর তীরে বালুর ব্যবসার পাশাপাশি বালু ফেলে নদী ভরাট করে ফেলছেন। এ ব্যাপারে ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, ‘যাঁরা বালুর ব্যবসা করছেন, তাঁরা নদীর পাশে ব্যবসা করতে পারবেন। তবে অনেকে ব্যবসার নামে বালু ফেলে নদী ভরাট করে ফেলছেন। এই কাজ যাঁরা করছেন, তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। তাৎক্ষণিকভাবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’গতকাল বুধবার ঢাকার জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংশ্লিষ্ট টাস্কফোর্সের বৈঠকে নদী দখল ও ভরাট করে অবৈধ বালু ব্যবসা বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্র জানিয়েছে, আগামী মাসেই এই অভিযান শুরু হবে।বৈঠক সূত্র জানিয়েছে, টাস্কফোর্স ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছাড়াও আগামী জানুয়ারি মাসের মধ্যে পাঁচটি খালের অবৈধ দখল চিহ্নিত করে দখলদারদের নোটিশ দেওয়া ও উচ্ছেদ অভিযান চালানো এবং বুড়িগঙ্গা তীরবর্তী পাঁচটি মৌজায় উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে।টাস্কফোর্সের বৈঠকে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের চারপাশে কথিত অবৈধ দখল ও অনুমোদন ছাড়া ভূমির শ্রেণী পরিবর্তনের বিষয় উঠলেও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসনের ডেপুটি রেভিনিউ কালেক্টর (আরডিসি) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন, বধ্যভূমি এলাকায় উচ্ছেদ অভিযান চালানো যাবে না, কারণ সেখানে ব্যক্তি-মালিকানার জমি রয়েছে। অনুমোদন ছাড়া জমির শ্রেণী পরিবর্তন করে বহুতল ভবন ও বিপণিবিতান নির্মাণের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ না করায় এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বধ্যভূমির পরিবেশ রক্ষা করতে হলে জমি অধিগ্রহণ করে বিষয়টি করা যেতে পারে।খালের ‘অভিভাবক’ মিলল: টাস্কফোর্স বৈঠকে রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধ থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত খালটির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৈঠক সূত্র জানিয়েছে, সংস্থাটি আগামী মাসেই স্থানীয়ভাবে হাইক্কার খাল নামে পরিচিত বেড়িবাঁধ থেকে বুড়িগঙ্গা পর্যন্ত খালটির অবৈধ দখলদার চিহ্নিত করে উচ্ছেদ এবং এর সার্বিক রক্ষণাবেক্ষণ করবে। খালটির বাকি অংশের ব্যাপারে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএর মতামত চাইবে জেলা প্রশাসন। উল্লেখ্য, বেড়িবাঁধের বাইরে অবস্থিত খালগুলোর নিয়ন্ত্রণ বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেউ নিতে চাইছে না। পাঁচ খালে উচ্ছেদ: আগামী মাসে যে পাঁচটি খালে উচ্ছেদ হবে সেগুলো হচ্ছে—কল্যাণপুরের প্রধান খাল, রামচন্দ্রপুর খালের বাইরের অংশ, রামপুরার উলন খাল, বাউনিয়া খাল ও দেব-ধোলাই খাল। আগামী ২০ জানুয়ারির মধ্যে অবৈধ দখল চিহ্নিত করে নোটিশ দেওয়া হবে। এরপর উচ্ছেদ শুরু হবে।