বাল্যবিবাহ রোধে চাই সামাজিক নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম নেছার উদ্দিন ভূইয়া। পাশে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী l প্রথম আলো
গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম নেছার উদ্দিন ভূইয়া। পাশে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী l প্রথম আলো

‘বাল্যবিয়ে প্রতিরোধে নিরাপদ পরিসর’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি বক্তারা বলেছেন, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ের সুযোগ কোনোভাবেই রাখা যাবে না। বাবা-মাসহ পরিবারের সদস্যদের কাউন্সেলিংয়ের পর্যাপ্ত সুযোগ থাকতে হবে। সহজ ভাষায় সচেতনতামূলক প্রচারাভিযান চালাতে হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রথম আলো কার্যালয়ে গতকাল মঙ্গলবার এ গোলটেবিলের আয়োজন করা হয়।
বাল্যবিবাহসহ নারী নির্যাতন প্রতিরোধ করতে সহজ ভাষায় সচেতনতামূলক তথ্য প্রচারের ওপর গুরুত্ব দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। তিনি বলেন, আগে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কম খরচে বেশ কিছু প্রচারাভিযান চলেছে, কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছে। এগুলো আবার ফিরিয়ে আনতে হবে। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের মেয়েরা যদি ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারে, তবে বিয়ের বয়স কোনোভাবে ১৬ হতে পারে না।
মহিলা ও শিশু–বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম নেছার উদ্দিন ভূইয়া বলেন, বেসামরিক প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে অনেক এগিয়ে গেছে। এ যুগে এসে ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে হলে সেটা হবে দুঃখজনক।
অনিবন্ধিত বিয়েকে বাল্যবিবাহ প্রতিরোধের অন্যতম বড় বাধা বলে উল্লেখ করেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মো. ফখরুজ্জামান। তিনি বলেন, কিছু ভুয়া কাজি এসব বিয়ে পড়ান, যার কোনো নিবন্ধন থাকে না। স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকাও এ ক্ষেত্রে দুঃখজনক।
কেরানীগঞ্জের ‘মা সমাবেশ’-এর উদাহরণ দিয়ে আবুল বাশার বলেন, স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে অপ্রাতিষ্ঠানিকভাবে মা ও মেয়েদের নিয়ে সমাবেশ করা যেতে পারে। এ ছাড়া আর্থিক সমস্যার কারণে যেসব মেয়ের লেখাপড়ার খরচ চালানো সম্ভব হয় না, তাদের জন্য বিশেষ ফান্ড গঠন করা যেতে পারে। কেরানীগঞ্জে এ ধরনের ফান্ড গঠন করা হয়েছে।
প্রত্যেক ব্যক্তির কাছে গিয়ে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির। তিনি বলেন, গণমাধ্যম ও প্রচার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ছাড়া বাবা-মাকে কাউন্সেলিং করানো অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দেশের নারী ক্রিকেট ও ফুটবল দলের সাফল্যে তাদের জন্য সংবর্ধনার আয়োজন করতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
গোলটেবিলের শুরুতেই ব্র্যাকের মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচিতে গবেষণার অভিজ্ঞতা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম। তিনি মনে করেন, অর্থনৈতিক বাস্তবতা বাল্যবিবাহের অন্যতম কারণ। তিনি বলেন, সামাজিক নিরাপত্তার অভাবে যেমন বাল্যবিবাহ হচ্ছে, তেমনি অনেক পরিবার মেয়েশিশুর জন্য অর্থ ব্যয় করতে চায় না।
নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার সাবিনা সুলতানা বলেন, বাল্যবিবাহসহ যেকোনো ধরনের নারী নির্যাতন প্রতিরোধে ১০৯২১ হেল্পলাইন চালু হয়েছে। ২৪ ঘণ্টার যেকোনো সময় এই নম্বরে ফোন করে যে-কেউ নারী নির্যাতন রোধের জন্য সরকারের কাছে সাহায্য নিতে পারবেন।

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল প্রথম আলো ও ব্র্যাকের উদ্যোগে অনুষ্ঠিত ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিরাপদ পরিসর’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অতিথি ও আয়োজকেরা l প্রথম আলো
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল প্রথম আলো ও ব্র্যাকের উদ্যোগে অনুষ্ঠিত ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিরাপদ পরিসর’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অতিথি ও আয়োজকেরা l প্রথম আলো

বাল্যবিবাহ নিরোধ আইনের পাশাপাশি শিশু আইন প্রয়োগ করে বাল্যবিবাহ প্রতিরোধ করা উচিত বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তিনি বলেন, হাইকোর্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধের জন্য কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের কমিটি গঠিত হলেও স্কুল-কলেজ পর্যায়ে তা হয়নি।
হাইকোর্টের নির্দেশনা মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি প্রতিরোধের জন্য কমিটি গঠনের জন্য মন্ত্রণালয়ের চাপ প্রয়োজন বলে মনে করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের কর্মসূচি প্রধান হাবিবুর রহমান। তিনি বলেন, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়ার কোনো সুযোগ রাখা যাবে না।
ছেলে-মেয়ে উভয়েরই বিয়ের সর্বনিম্ন বয়স ২১ হলে ভালো হয় বলে মন্তব্য করেন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়া। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের সচেতন করার পরিবর্তে ছেলেদের বরং বেশি করে সচেতন করা উচিত। এ ক্ষেত্রে পরিবার থেকে শিক্ষার কোনো বিকল্প নেই।
বাল্যবিবাহ ও শিশু অধিকার লঙ্ঘন একই বিষয় উল্লেখ করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি চিফ অব পার্টি তানিয়া নুসরাত জামান বলেন, সচেতনতার পাশাপাশি মেয়েদের কিছু দক্ষতা প্রশিক্ষণ যেমন আত্মরক্ষার কৌশল, সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রভৃতিতে যুক্ত করতে হবে। মেয়েদের জন্য এমন একটি নিরাপদ পরিসর থাকতে হবে যেখানে তারা সব ধরনের তথ্য পেতে পারে।
বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের সঠিক জন্মনিবন্ধনের ওপর জোর দেন জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক, কুমিল্লার আহ্বায়ক ফাহমিদা জেবিন। তিনি বলেন, বিয়ে পড়ানোর সময় কাজিদের ভুয়া জন্মসনদ দেখানো হচ্ছে। এ ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দেন তিনি।
মিরপুর গার্লস আইডিয়াল হাইস্কুলের কমিউনিটি ওয়াচ গ্রুপের সদস্য জিনাত ফারহানা বলেন, স্কুলের অনেক ছাত্রীর অভিভাবককে তাঁরা বাল্যবিবাহ না দিতে উদ্বুদ্ধ করেন, কিন্তু পরে গোপনে মেয়েদের বিয়ে দিয়ে দেয়। তিনি কাউন্সেলিংয়ের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করার বিষয়ে পরামর্শ দেন।
ড. মুহম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চমাধ্যমিক বিদ্যাপীঠের ছাত্রী ও স্টুডেন্ট ওয়াচ গ্রুপের সদস্য সাদিয়া আকরাম বলে, ‘বাল্যবিবাহ, ইভ টিজিং, নারী নির্যাতন প্রতিরোধ করতে দেশে যে নানা ধরনের আইন আছে এবং এ জন্য শাস্তি পেতে হবে—এ বিষয়গুলোই আমরা জানতাম না। স্কুলে মেজনিন কর্মসূচি শুরু হওয়ার পর আমরা এসব নিয়ে জানতে পারি।’
শেরেবাংলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ছাত্র ও স্টুডেন্ট ওয়াচ গ্রুপের আহ্বায়ক নাজমুল রেজা রাহাত বলে, ‘আগে আমাদের স্কুলের ওয়াশরুমে বা বোর্ডে অনেক খারাপ উক্তি লেখা থাকত। কিন্তু এখন আর তেমন কোনো খারাপ কথা লেখা থাকে না। মেজনিন কর্মসূচি শুরু হওয়ার পর স্কুলের ছাত্ররা সবাই ভালোভাবে এটাকে নিচ্ছে।’
গোলটেবিল সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।