বাস আটকে ইডেন কলেজের ছাত্রীদের প্রতিবাদ
ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ এবং বাসের ভাড়া অর্ধেক করার দাবিতে গতকাল মঙ্গলবার ইডেন কলেজের ছাত্রীরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা কলেজের সামনে ১০-১২টি বাস আটক করে রাখেন। পরে বাসমালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনার পর বাসগুলো ছেড়ে দেওয়া হয়।কলেজছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকালে মিরপুর থেকে কয়েকজন ছাত্রী কলেজে আসার জন্য বিহঙ্গ পরিবহনের একটি বাসে ওঠেন। ছাত্রীরা অর্ধেক ভাড়া দিলে বাসের সহকারী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বাসটি কলেজের ১ নম্বর ফটকের সামনে এলে ওই ছাত্রীরা চালকের কাছ থেকে বাসের চাবি কেড়ে নিয়ে বাসটি থামিয়ে দেন। মুহূর্তে এ খবর পুরো কলেজে ছড়িয়ে পড়লে কলেজের সব ছাত্রী রাস্তায় নেমে আসেন। তাঁরা প্রায় দুই ঘণ্টা বাসটি আটক রেখে বিক্ষোভ করেন। এ সময় আরও কয়েকটি বাসও তাঁরা আটক করেন। পরে বাসমালিক সমিতির নেতারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন।জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরী প্রথম আলোকে বলেন, বাসের চালক ও সহকারীরা ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন। কলেজের সামনে নামতে গিয়ে প্রায়ই ছাত্রীরা আহত হন। তিনি বলেন, অন্য কলেজের ছাত্রদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিলেও ছাত্রীদের কাছ থেকে তাঁরা পুরো ভাড়া দাবি করেন। এসব অন্যায়ের বিরুদ্ধে ছাত্রীরা শান্তিপূর্ণ প্রতিবাদ করেছেন। অধ্যক্ষা বলেন, পরিবহননেতা এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।