বাস টার্মিনালে উপচে পড়া ভিড় নেই

রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে ঈদে ঘরমুখী মানুষের ভিড় বাড়লেও অন্যবারের মতো উপচে পড়া ভিড় নেই। আজ বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত এখানে যাত্রীদের উপস্থিতি স্বাভাবিক আছে।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও টিকিট কাউন্টারের কর্মীরা বলছেন, এখন পর্যন্ত পাটুরিয়া ঘাটে বড় ধরনের কোনো যানজট হয়নি। ফেরি পারাপারে কোনো সমস্যা হয়নি। এ কারণে গাবতলীতে যাত্রীরা সহজেই বাস পাচ্ছেন এবং গন্তব্যে পৌঁছাতে পারছেন।
শুভ বসুন্ধরা কাউন্টারের ব্যবস্থাপক মুরাদ হোসেন বলেন, যাত্রীদের চাপ এখনো পড়েনি। কিছুটা লোকসান দিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে এখন লঞ্চ পারাপারের টিকিট দেওয়া হচ্ছে। লম্বা ছুটি পড়ায় মানুষ কিছুটা বিরতি দিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন।
যানজট ও রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে গণমাধ্যমে লেখালেখির কারণে অনেকে বাড়ি যাওয়ার পরিকল্পনা বাদ দিয়েছেন বলছেন তাঁরা। এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা অনেকে আগে চলে গেছেন। এখন ছুটি পেয়ে পরিবারের অভিভাবকেরা যাচ্ছেন।
তুনজিরা খাতুন নামের এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা জানালেন, টিকিট না কেটেই গাবতলীতে এসেছেন। ভাইয়ের সঙ্গে যশোরের চৌগাছায় গ্রামের বাড়ি যাচ্ছেন। আশা করছেন, টিকিট পাবেন। বাড়ি যেতে পারবেন।
এর আগে আজ সকাল সাড়ে ছয়টায় ঢাকা থেকে সাতক্ষীরা সড়কপথে সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনের যাত্রী শেখ নাজমুল রহমান জানান, বাস সময়মতো ছেড়েছে। আমিনবাজারে গাড়ির চাপ বেশি থাকায় যেতে সময় লেগেছিল। এরপর রাস্তা স্বাভাবিক ছিল।
গাবতলীতে ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার রওশানুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। এখন পর্যন্ত যাত্রী নিয়ে বাসগুলো নিয়ম মতোই ছাড়ছে। তবে পথে সাভার, নবীনগর এসব মোড়ে যদি যানজটের সৃষ্টি না হয়, তাহলে গাবতলীতে সময়মতো গাড়ি চলে আসবে।’