বাস টার্মিনালে দীর্ঘ প্রতীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাবতলী বাস টার্মিনাল থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলগামী বেশির ভাগ গাড়িই গতকাল শুক্রবার সময়মতো ছেড়ে যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে ঈদে ঘরমুখী যাত্রীদের। বাসের জন্য তিন থেকে চার ঘণ্টা পর্যন্তও অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। বেশি দুর্ভোগ হয়েছে শিশুদের। 

যাত্রীদের অভিযোগ, তাঁরা বাসের জন্য বসে আছেন। কিন্তু সেই বাস কখন আসবে তা বাস কোম্পানিগুলোর কর্মকর্তারা বলতে পারছেন না। গাড়ি কোথায় আছে, সেই খোঁজও দিচ্ছেন না। মোটামুটি একটা সময় বলতে পারলে অন্তত বাসায় গিয়ে আবার আসা যেত। কিন্তু সেটা হচ্ছে না। এই দুই রুটের যাত্রীরা বলছেন, গত কয়েক বছরের মধ্যে এবারের ঈদযাত্রায় তুলনামূলক বেশি ভোগান্তিতে পড়ছেন তাঁরা।

ঈগল, হানিফ, কেয়া, এসএসহ কয়েকটি পরিবহনের কাউন্টারের কর্মকর্তারা বলেছেন, মূলত দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের বেহাল অবস্থার কারণে ঈদযাত্রায় এই ভোগান্তি। এই পথের দুরবস্থার কারণে অনেক গাড়ি এখন ঘুরে এলেঙ্গা দিয়ে খুলনা, যশোর, ফরিদপুরের দিকে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে উত্তরাঞ্চলগামী সড়কে গাড়ির চাপ বেশি পড়ছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। ঢাকা থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে যেতেও সময় বেশি লাগছে। আসতেও বেশি লাগছে।

এ কারণে গাবতলী টার্মিনাল থেকে সময়মতো গাড়ি ছাড়তে পারছে না। তাঁরা বলেন, আসলে গাড়ি কখন আসবে সে ব্যাপারে যাত্রীদের কিছুই বলা যাচ্ছে না। যে গাড়ি যখন টার্মিনালে আসছে সেটিই আবার ছেড়ে যাচ্ছে।  

রংপুরের উদ্দেশে গত বৃহস্পতিবার রাতে গাবতলী থেকে রওনা দিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত পৌঁছান মহিতুল। তিনি বলেন, সাভার ও চন্দ্রায় যানজটের কারণে এই অবস্থা। গাড়ি চলেছে খুবই ধীরগতিতে। লামিয়া ইসলাম পাবনায় যাওয়ার জন্য শুক্রবার ভোর সাড়ে ছয়টায় গাবতলীতে আসেন। তাঁর গাড়ি ছাড়ার কথা ছিল পৌনে সাতটায়। অথচ তাঁর গাড়িটি ছেড়েছে বেলা সাড়ে ১১টার দিকে।

গাবতলী টার্মিনালে গিয়ে উত্তরবঙ্গগামী যাত্রীদের বেশি ভোগান্তিতে পড়তে দেখা গেছে। তবে দক্ষিণের যাত্রীদেরও ভোগান্তি কম ছিল না। টার্মিনালে যেমন ভুগেছেন, তেমনি পাটুরিয়ায় ফেরির জন্য অপেক্ষা করতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা।

বাগেরহাটে যেতে সকাল সাতটায় টার্মিনালে আসেন সোয়ায়েব হাসান। সকাল সাড়ে ১০টায়ও তাঁর গাড়ি আসেনি। কেয়া পরিবহনের কাউন্টারের কর্মী নজরুল বললেন, তিন দিন ধরে এই সমস্যা হচ্ছে।