বাস ভাঙচুরের ঘটনায় শতাধিক ছাত্রের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় বাস ভাঙচুরের ঘটনায় শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন সুপ্রভাত পরিবহনের মালিক মো. আলাউদ্দিন। গত রোববার রাতে কোতোয়ালি থানায় এ মামলা করা হয়।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, ‘বাস ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক আলাউদ্দিন বাদী হয়ে জাফর, খোকন, মহিউদ্দিনসহ অজ্ঞাতনামা শতাধিক ছাত্রকে আসামি করে মামলা করেন। তবে ছাত্ররা কোন শিক্ষাপ্রতিষ্ঠানের তা উল্লেখ করা হয়নি।’গতকাল সোমবারও পরিবহন শ্রমিকেরা সদরঘাটের বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে বাস ছাড়েননি। তবে বাসগুলো ইংলিশ রোডের মোড় থেকে ছাড়তে দেখা যায়। পরিবহন শ্রমিকেরা জানান, ছাত্ররা আবার হামলা চালাতে পারেন, এ আশঙ্কায় তাঁরা এখনো আগের জায়গায় ফিরে যাননি। শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিবহন মালিক, শ্রমিকনেতা, ছাত্রনেতা ও পুলিশের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার উপাচার্য কার্যালয়ে এ-সংক্রান্ত বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান।