বাস-মিনিবাস চালানোর ঘোষণা ঢাকা সড়ক পরিবহন সমিতির
আজ রোববার রাজধানী ঢাকাসহ আন্তজেলায় বাস ও মিনিবাস চলাচল করবে। গতকাল শনিবার বিকেলে ঢাকা সড়ক পরিবহন সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। বৈঠকে সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিকনেতাসহ সব পরিবহন কোম্পানি এবং রুট মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে নেতারা বলেন, তেল-গ্যাস রক্ষা কমিটির ডাকা ইস্যুবিহীন হরতাল পরিবহন সমিতি কখনোই সমর্থন করে না। তাই হরতাল উপেক্ষা করে বাস ও মিনিবাস চলবে। এ ছাড়া হরতালের দিন গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন পরিবহন নেতারা। বিজ্ঞপ্তি।