বাসচাপায় আহত শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচাপায় গুরুতর আহত রোমেনা (৬) নামের এক শিশু গতকাল রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার নয়াপাড়া গ্রামে। তার বাবার নাম ঠানডু মিয়া।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আইয়ুব প্রথম আলোকে জানান, গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে রোমেনা তার মায়ের সঙ্গে যাত্রাবাড়ীর জনপদ ক্রসিংয়ের রাস্তা পার হচ্ছিল। রোমেনা একটু সামনে ছিল। একপর্যায়ে মেঘালয় পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত রোমেনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়।এসআই মোহাম্মদ আইয়ুব জানান, দুর্ঘটার পর বাসচালক লিটনকে (৪৫) গ্রেপ্তার ও বাসটি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। রোমেনার মা ফরিদা বেগমের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, তিন বোনের মধ্যে রোমেনা ছিল ছোট। গত শনিবার তার মা তাকে নিয়ে সবুজবাগের মান্ডায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশে গ্রামের বাড়ি থেকে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে পৌঁছায়। পরে সবুজবাগের বাস ধরার জন্য সে মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল।