বাসচাপায় এবার প্রাণ গেল এক দিনমজুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার নাবিস্কো মোড়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাসের চাপায় এক দিনমজুর মারা গেছেন। তাঁর নাম হেলেন মল্লিক (২৩)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর সোয়া একটার দিকে দিনমজুর হেলেন মল্লিক নাবিস্কো মোড় থেকে প্রভাতী পরিবহনের একটি বাসের ফটকে ঝুলে গুলিস্তানে যাচ্ছিলেন। কিছু দূর না যেতেই পেছন থেকে বলাকা পরিবহনের আরেকটি বাস প্রভাতীকে অতিক্রম করার সময় দুই বাসে ধাক্কা লাগে। এতে বাসের ফটক থেকে হেলেন ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বলাকা পরিবহনের বাসটি তাঁকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, পথচারী ও বিক্ষুব্ধ লোকজন বাসের চালক এলেন মিয়াকে আটক করে। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ এসে বাসচালকের বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। যোগাযোগ করা হলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, পুলিশ দুটি বাস এবং বলাকা পরিবহনের চালককে আটক করেছে। হেলেন মল্লিক সপরিবারে মহাখালীর সাততলা বস্তিতে থাকতেন। তাঁর স্ত্রী হাওয়া আক্তার ছয় মাসের অন্তঃসত্ত্বা। গ্রামের বাড়ি পটুয়াখালীর ছোট বিঘার পশ্চিম মাঠভাঙা এলাকায়। বাবার নাম আতাহার মল্লিক।