বাসচাপায় বিজি প্রেসের কর্মী নিহত বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গতকাল সোমবার বিকেলে বিআরটিসি বাসের চাপায় বিজি প্রেসের কর্মচারী আবুল হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই প্রেসের কর্মীরা বিক্ষোভ করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে তেজগাঁও সাতরাস্তা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ সড়কে রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের তলায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন আবুল হোসেন। ঘটনার পর বিজি প্রেসের কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। তাঁরা ওই বাসটি ভাঙচুর ও চালককে মারধর করেন। এ ছাড়া তাঁরা কিছু সময় ওই সড়কটি অবরোধ করে রাখেন। পরে পুলিশ এলে তাঁরা সরে যান।শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রীর ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ বাসচালক মোজাম্মেল ও বাসটি আটক করেছে। নিহত আবুল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।আবুল হোসেনের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি ঢাকায় নাখালপাড়া এলাকায় থাকতেন।