বাসচালক মজিদ রিমান্ডে
রাজধানীর উত্তরায় অটোরিকশাচালক মো. ফারুককে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগে করা মামলায় বাসচালক আবদুল মজিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এই রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গত মঙ্গলবার উত্তরায় জসীমউদ্দীন রোডের মোড়ে ‘তুই সর। নাইলে পিষ্যা ফালামু তোরে’—এ কথা বলেই বাসচালক তাঁর যাত্রীবাহী বাসটি তুলে দেন অটোরিকশাচালক ফারুকের ওপর। অনেক মানুষের সামনে রাস্তায় পিষেই মেরে ফেলেন অটোরিকশাচালককে (৪০)। বাসচালক আবদুল মজিদ (২৫) তেঁতুলিয়া পরিবহনের বাস চালাচ্ছিলেন। মজিদের নৃশংসতায় বিমূঢ় হয়ে পড়েন ওই বাসের যাত্রীরা। বাসটি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আজমপুর বাসস্ট্যান্ডে গেলে যাত্রীরা তাঁকে আটক করে ট্রাফিক পুলিশের হাতে তুলে দেন। জসীমউদ্দীন রোড মোড়ে কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক মো. ফারুক আহমেদ উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করেন মজিদকে। বাসটিও আটক করে ওই থানায় দেওয়া হয়।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মজিদকে আসামি করে মঙ্গলবার রাতে হত্যা মামলা করেন নিহত ফারুকের ভাই মো. হারুন। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) খগেন্দ্র চন্দ্র সরকার গতকাল বিকেলের দিকে মজিদকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ওই থানায় নিয়ে যায় পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে ফারুকের লাশ নিয়ে গ্রামের বাড়ি ভোলার উদ্দেশে রওনা দেন তাঁর স্বজনেরা। সেখানেই তাঁর লাশ দাফন করা হবে। ফারুকের ভাই হারুন প্রথম আলোকে বলেন, ফারুক স্ত্রী ও তিন সন্তান নিয়ে মান্ডায় থাকতেন। তেঁতুলিয়া পরিবহনের মালিক তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তবে তেঁতুলিয়া পরিবহনের ব্যবস্থাপক পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি তাঁকে বিভিন্ন সময় ফোন করেছেন। তাঁরা তিনি কোথায় আছেন জানতে চেয়ে ফোন কেটে দেন।