বাসভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া দেওয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহনশ্রমিকদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর গুলিস্তান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে স্কাইলাইন পরিবহনের একটি বাসে ওঠেন বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্র। বাসটি রায়সাহেব বাজার এলাকায় পৌঁছালে ভাড়া আদায়কারীর সঙ্গে অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রদের সঙ্গে ভাড়া আদায়কারীর হাতাহাতি হয়। পরে বাসটি গুলিস্তান এলাকায় পৌঁছালে ওই এলাকার পরিবহনশ্রমিকেরা চার ছাত্রকে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন এবং দুজনকে আটক করে রাখেন।দুর্জয় ও চন্দ্রমুখী নামের বিশ্ববিদ্যালয়ের দুটি বাস বিকেল সাড়ে চারটার দিকে শিক্ষার্থীদের নিয়ে গুলিস্তানে আসে। বাস দুটির শিক্ষার্থীরা চারজনের মারধর ও আটকের খবর পান। শিক্ষার্থীরা তাঁদের উদ্ধার করতে গেলে শ্রমিকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। এ সময় শ্রমিকেরা বিশ্ববিদ্যালয়ের চন্দ্রমুখী বাসটি ভাঙচুর করেন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত শ্রমিকেরা গুলিস্তান থেকে সদরঘাট সড়ক অবরোধ করে রাখেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। সন্ধ্যা সোয়া ছয়টায় ফুলবাড়িয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্য, কোতোয়ালি ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আলোচনায় বসেন।শিক্ষার্থীদের ওপর হামলার এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যায় শাহবাগ থানায় মামলা করেছে।