বাসযাত্রীদের চোখে মলম দিয়ে ডাকাতি, গ্রেপ্তার ২
বাসভর্তি যাত্রীদের চোখে মলম লাগিয়ে ডাকাতির সময় ধাওয়া করে বাসসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার মাঝরাতে মহাখালী রেলগেটে বাসটি আটক করে শিল্পাঞ্চল থানা পুলিশ।গ্রেপ্তার করা আতাউর রহমান (৩০) ও মনির হেসেনকে (২২) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।ভুক্তভোগীরা জানান, গত শনিবার রাত ১২টার দিকে সায়েদাবাদ থেকে গাজীপুরের উদ্দেশে রওনা দেয় বলাকা পরিবহনের একটি বাস। বাসটি কাকরাইল, মালিবাগ ও মগবাজার থেকেও যাত্রী তোলে। মালিবাগ থেকে বাসে ওঠেন সাবেক সেনাসদস্য মাহমুদ জামিল। বর্তমানে তিনি মালিবাগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি জানান, মালিবাগ থেকে সাড়ে ১২টার দিকে তিনি বাসে ওঠেন। বাসে আরও অনেক যাত্রী ছিল। পৌনে একটার দিকে বাসটি সাতরাস্তার মোড়ে পৌঁছানোর আগেই বাসে অবস্থানরত ছদ্মবেশী ১০-১২ জন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে ১৫-১৬ জন যাত্রীকে জিম্মি করে ফেলে। তারা সবার চোখে বিষাক্ত মলম ঘষে দিয়ে নগদ টাকা, মোবাইল সেটসহ সঙ্গে থাকা জিনিসপত্র লুটে নেয়। এরপর মহাখালী রেলগেটে পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে বাসটি আটকায়। এ সময় পুলিশ দুজনকে ধরে ফেলে। অন্য ডাকাতেরা পালিয়ে যায়।শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মো. আলমগীর বলেন, তিব্বতের মোড়ে বাস থেকে দুজনকে নামিয়ে দেওয়া হয়। তাঁরা টহল পুলিশকে ডাকাতির বিষয়টি জানান। তখনই তিনি টহলগাড়ি নিয়ে বাসটির পিছু ধাওয়া করেন। মহাখালী রেলগেটে গিয়ে টহলগাড়িটি আড়াআড়ি করে রেখে বাসটি থামানো হয়। এরপর ডাকাতেরা পালিয়ে যায়। পুলিশ দুজনকে ধরে ফেলে। তাদের কাছ থেকে ছয়টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।এদিকে ভুক্তভোগী মাহমুদ জামিল প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায়ও তিনি বাঁ চোখে ভালো করে দেখতে পারছিলেন না।