বাসা থেকে ডেকে নিয়ে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসা থেকে ডেকে নিয়ে সাইফুল ইসলাম তরফদার (৩০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর নয়াপল্টনে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সাইফুল নয়াপল্টনের ১০/বি মসজিদ গলির একটি ভবনের পঞ্চমতলায় মেসে থাকতেন। কাজ করতেন প্রীতম ট্রাভেলসে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রানা নামের এক যুবক তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর রানার উপস্থিতিতে দুর্বৃত্তরা সাইফুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওযার পর রাত আড়াইটায় তিনি মারা যান। নিহতের মা খাদিজা খাতুন ও ভাই বেলাল তরফদার সাংবাদিকদের বলেন, আগে সাইফুল বিদেশে যেতে ইচ্ছুক লোকজনকে খান ট্রাভেলসে এনে দিতেন। কিন্তু ওই ট্রাভেলসের মালিক টাকা নিয়েও তাঁদের বিদেশে পাঠাতেন না। এ কারণে সাইফুল প্রীতম ট্রাভেলসে কাজ শুরু করেছিলেন। এ ছাড়া সাইফুলের সঙ্গে তাঁর আত্মীয় সুলায়মানের আর্থিক ব্যাপারে বিরোধ চলছিল। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক প্রথম আলোকে বলেন, সাইফুল বিদেশে লোক পাঠানোর নামে অনেকের কাছ থেকে টাকা নেন। ওই টাকা ফেরত না পাওয়া একটি পক্ষ তাঁর ওপর ক্ষিপ্ত ছিল। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত রানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সাইফুলের ভগ্নিপতি হারুন অর রশীদ বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেছেন। সাইফুলের বাবার নাম মহসীন তরফদার। গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটের উবাহাটায়।