বাসা থেকে ডেকে নিয়ে ‘যুবলীগ কর্মী’কে হত্যা
বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে কাজী জহিরুল ইসলাম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার রাজধানীর মিরপুর থানার মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, জহিরুল ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন।পুলিশ জানিয়েছে, জহিরুল অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিলেন। অন্তর্দ্বন্দ্বের জের ধরে নিজ দলীয় সন্ত্রাসীদের হাতে তিনি খুন হয়েছেন।পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, জহিরুল সপরিবারে ৭৫৪, মধ্য মনিপুরে থাকতেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় সন্ত্রাসীরা তাঁকে বাসা থেকে ডেকে মনিপুর তালতলা মসজিদের পাশে নিয়ে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে মিরপুর ১০ নম্বরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।জহিরুলের বড় ভাই কাজী তাজুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী এমদাদুল হক ওরফে গন্ডার ও তাঁর সহযোগীরা মুঠোফোনে জহিরুলকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছেন। তিনি বলেন, দু-তিন বছর আগে ছুরিকাঘাতে স্থানীয় এক যুবককে আহত করার ঘটনায় এমদাদুলকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন জহিরুল। এমদাদুল সম্প্রতি জামিনে কারাগার থেকে মুক্ত হন।তাজুল দাবি করেন, জহিরুল যুবলীগের রাজনীতিতে যুক্ত থাকার পাশাপাশি তাঁদের মুদি ব্যবসা দেখাশোনা করতেন। তাঁদের বাবার নাম কাজী সিরাজুল ইসলাম। তাজুল নিজেও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন খুনি এমদাদুলকে এক মাস আগে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু ১৫ দিনের মাথায় তিনি জামিনে জেল থেকে বেরিয়ে এসে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়েন। নিহত জহিরুল ও এমদাদুল একই সন্ত্রাসী দলের সদস্য। ছিনতাই ও ডাকাতির টাকার ভাগ- বাঁটোয়ারা নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। জহিরুল কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন ওসি।