বাসা থেকে দুদক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুরের নিজ বাসা থেকে গতকাল শনিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কর্মকর্তার নাম দেলোয়ার হোসেন (৫৫)। তিনি দুদকের সহকারী উপপরিদর্শক ছিলেন। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ও পরিবার সূত্র জানিয়েছে। দেলোয়ারের বাড়ি বরিশালের বানারীপাড়ায়। তাঁর বাবার নাম নওয়াব আলী হাওলাদার। মতিঝিল থানার পুলিশ জানায়, দেলোয়ার স্ত্রী-সন্তান নিয়ে উত্তর কমলাপুরের একটি বাড়ির তৃতীয় তলায় থাকতেন। গতকাল ভোর ছয়টার দিকে ওই বাসার একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশটি চাদর পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝোলানো ছিল। পরিবারের বরাত দিয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াতুজ্জামান বলেন, গতকাল ভোরে ফজরের নামাজ পড়ে বাসার একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন দেলোয়ার। দরজা বন্ধ করার শব্দে ঘুম থেকে জেগে ওঠেন পরিবারের সদস্যরা। অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় তাঁরা দরজা ভেঙে দেখেন, দেলোয়ারের লাশ ঝুলছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ওসি বলেন, এই মৃত্যু আত্মহত্যা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কথা স্বীকার করে দেলোয়ারের ভাতিজা লুৎফর রহমান বলেন, তাঁর চাচা বেশ কয়েক বছর ধরে হতাশাগ্রস্ত ছিলেন। তিনি সব সময় মৃত্যুভীতিতে ভুগতেন। এ জন্য রাতে তাঁর ঘুম হতো না বলে নিয়মিত ওষুধ সেবন করতেন। ২০০৯ সালের দিকে অতিরিক্ত ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বেশ কিছুদিন আগে এক মনোরোগ চিকিৎসকের কাছ থেকেও তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছিল। হতাশার কারণ জানতে চাইলে লুৎফর রহমান বলেন, দেলোয়ার হোসেন গত তিন বছর দুদকের পাবনা শাখা কার্যালয়ে কর্মরত ছিলেন। কিন্তু তাঁর পরিবার থাকত ঢাকায়। ধারণা করা হচ্ছে, একাকিত্ব তাঁর মানসিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। মাত্র এক সপ্তাহ আগে তিনি ঢাকার কার্যালয়ে বদলি হয়েছিলেন।