বাসাবো ও সবুজবাগের ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাবের ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বাসাবো ও সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল দুপুরে আদালত ৯৩, পূর্ববাসাবো এলাকার ইউসুফ বেকারিতে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে কেক তৈরি ও বাজারজাত করে আসছিল। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে আল-আমীন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত উত্তর মুগদাপাড়ার নায়াগ্রা ট্রেডিং প্রাইভেট লিমিটেড নামের সুপেয় পানি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া সুপেয় পানি উত্পাদন ও বাজারজাত করার অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে পশ্চিম রাজারবাগ এলাকার নিপু অ্যান্ড ক্লাসিক বাংলাদেশ নামের সুপেয় পানি তৈরির প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই আদালত উত্তর মুগদাপাড়ার মারিয়া আইসক্রিম কারখানায় অভিযান চালান। ওই প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অভিযোগে আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত সবুজবাগের সালাম ডেইরি ফার্ম অ্যান্ড ফুড নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে কেক তৈরি ও বাজারজাত করে আসছিল। এই অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।