বাসাবোতে মা-মেয়েকে আহত করার পর হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাসাবোতে হামলা চালিয়ে এক পরিবারের তিন নারীকে আহত করার পর মামলাভুক্ত আসামিরা তাঁদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে। তাদের হুমকিতে পুরো পরিবার এখন আতঙ্কগ্রস্ত। তবে পুলিশ বলছে, অভিযান চালিয়ে তাদের পাওয়া যাচ্ছে না।শুক্রবার সকালে ওই আসামিরা বাসায় ঢুকে মা-মেয়েসহ দুজনকে পিটিয়ে আহত করে।সবুজবাগ থানায় দায়ের হওয়া মামলার উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে পূর্ব বাসাবোর ৩০/২ কদমতলার রুহুল আমিন বাড়িতে সীমানাপ্রাচীর তুলতে গেলে প্রতিবেশী শফিকুর রহমান আরজু ও কাজী মমতাজউদ্দিনের নেতৃত্বে পাঁচজন বাধা দেয়। পরে একসময় তারা রুহুল আমিনের বাসায় ঢুকে তাঁর দুই মেয়ের সঙ্গে অশালীন আচরণ করে। একপর্যায়ে তারা রুহুল আমিনের স্ত্রী সেলিনা খান ও মেজ মেয়েকে মারধর করে জখম করে। এ সময় রুহুল আমিন বাসায় ছিলেন না। খবর পেয়ে পুলিশ এলে হামলকারীরা সরে যায়। এ ব্যাপারে সেলিনা খান শফিকুর রহমান ও মমতাজউদ্দিনসহ পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।ঘটনার শিকার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পুলিশ তাঁদের দায়ের করা মামলার আসামি না ধরে উল্টো আসামিদের দায়ের করা মামলা গ্রহণ করেছে। সেলিনা খান প্রথম আলোকে জানান, চার বছর আগে জমি কেনার পর ঘর বানিয়ে উঠতে গেলেও শফিকুর রহমান ও মমতাজ বাধা দিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, তিন দিন পরও পুলিশ এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে না পারায় আসামিরা ভয়ভীতি দেখাচ্ছে। সবুজবাগ থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযান চালিয়ে আসামিদের পাওয়া যায়নি। তা ছাড়া অন্য পক্ষ অভিযোগ করেছে বলে মামলা নেওয়া হয়েছে।