বাসাবোর বালুর মাঠে বাণিজ্য মেলা বন্ধে উকিল নোটিশ
বাসাবো এলাকার ‘সবুজবলয়’ বালুর মাঠে অবৈধভাবে বাণিজ্য মেলার আয়োজন বন্ধে উকিল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। গতকাল বৃহস্পতিবার সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে বাণিজ্য মেলা বন্ধের উদ্যোগ নিতে এই নোটিশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, সবুজবাগ থানার বাসাবো এলাকায় বালুর মাঠ নামে পরিচিত উন্মুক্ত স্থানটি ১৯৯৭ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সবুজবলয় নামে মাঠের উপযোগী করে প্রস্তুত করে। স্থানীয় এলাকাবাসী মাঠটিতে হাঁটাচলা, শরীরচর্চা, মুক্তবায়ু সেবন, খেলাধুলাসহ সামাজিক, ধর্মীয় (ঈদের জামাত, দুর্গাপূজা) ও দিবসভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। সম্প্রতি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বালুর মাঠটি বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার করার জন্য বাণিজ্য মেলার আয়োজনের উদ্যোগ নিয়েছেন। মাঠে বাঁশ, খুঁটি ও টিন দিয়ে অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছে। পুরো রমজান মাস এই মেলা চলবে। নোটিশে আরও বলা হয়, এ ধরনের বাণিজ্য মেলার আয়োজন করায় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের ফলে এলাকায় বিদ্যুতের ঘাটতি ও যানজট আরও বাড়বে এবং মাঠসংলগ্ন ডায়াবেটিক হাসপাতালের রোগীরা স্বাস্থ্যগত নানা সমস্যার সম্মুখীন হবেন। মহানগর, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর বিধান ছাড়া খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণী পরিবর্তন করা যাবে না। ওই জায়গা অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে না বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না।উকিল নোটিশটি সবুজবাগ থানা, ঢাকা সিটি করপোরেশনের মেয়র, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, পুলিশ সুপার, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ড কমিশনার বরাবর পাঠানো হয়েছে।