বাসে বাড়তি ভাড়া আদায় চলছেই, যাত্রীরা নিরুপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসভাড়া নিয়ে যাত্রীরা এখনো বিভ্রান্তিতে আছেন। সরকার-নির্ধারিত মূল্য কোনটা আর বাসমালিকেরা বাড়তি কত নিচ্ছেন, তা মেলাতে পারছেন না তাঁরা। তাঁদের মতে, সরকার কত কিলোমিটারের জন্য কত ভাড়া নির্ধারণ করেছে, তা সব সময় হিসাব করা হয় না। তবে যাত্রীরা এটুকু বুঝতে পারছেন, তাঁদের এ খাতে খরচ হচ্ছে দ্বিগুণ। যেভাবেই হোক, গন্তব্যে তো যেতে হবে, তাই যাত্রীরা নিরুপায়।গতকাল মঙ্গলবারও নগরের বিভিন্ন এলাকার যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হয়েছে। এর পাশাপাশি বাসের সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি। অনেক যাত্রীর মতে, সরকার যে ভাড়া নির্ধারণ করেছে তা অনেক বেশি হয়েছে, আবার এ সুযোগে অনেক বাসমালিক ভাড়া আরও বাড়িয়ে নিচ্ছেন। বাড়তি ভাড়া আদায়ে নজরদারি বাড়ানো হলে রাস্তায় বাস নামানোই বন্ধ করে দিচ্ছেন মালিকেরা। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির সামনে রংধনু পরিবহন কাউন্টারে লেমিনেটিং করা ভাড়ার তালিকা টাঙানো আছে। টিকিটে আগে যে মূল্য ছিল, তা থেকে পাঁচ টাকা করে বেশি লেখা রয়েছে। এর কারণ জানতে চাইলে কাউন্টারের একজন কর্মী বলেন, সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে খুব বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। তার কারণ হিসেবে যুক্তি দেখিয়ে রাশেদুল ইসলাম নামের এ কর্মী প্রথম আলোকে বলেন, সরকার বিভিন্ন দূরত্বের জন্য যে ভাড়া নির্ধারণ করেছে তাতে ৮৩ পয়সা, ১১ পয়সা ইত্যাদি পয়সার হিসাব রয়েছে। কিন্তু যাত্রীদের কাছ থেকে পয়সার হিসাবে ভাড়া নেওয়া সম্ভব হয় না। তাই অনেক ক্ষেত্রে ছয় টাকা ৮৩ পয়সা না নিয়ে সাত টাকা নেওয়া হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে পয়সার হিসাব বাদ দিয়ে কম রাখা হচ্ছে। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তোফায়েল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পয়সার হিসাবের জটিলতায় যাত্রীরাও যেতে চান না। বা ৮৩ পয়সার জায়গায় এক টাকা দিতে আপত্তি করেন না। কিন্তু বাসমালিকেরা চালাকি করছেন ভিন্নভাবে। বিভিন্ন বাসে যে দূরত্বে যাত্রী যাবেন, তার বেশি দূরত্বের টিকিট দিয়ে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীরাও নিরুপায় হয়ে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন।’ তবে আগের চেয়ে কিছুসংখ্যক বাসমালিক অনিয়ম কম করছেন বলেও মন্তব্য করেন তোফায়েল।গতকাল বনানী রেলস্টেশনে বসা তোফায়েল ইসলামের আদালত কোনো বাস জব্দ করেনি। তবে যাত্রীরা বিভিন্ন বাসের টিকিট কাউন্টারে হামলা চালান। সরকারের নির্ধারিত ভাড়ার তালিকা না টাঙানো, ‘সিটিং সার্ভিস’ বলে দাবি করে দাঁড়নো যাত্রী নেওয়া, বাসে নির্ধারিত আসনের চেয়ে বেশি সংখ্যক আসন থাকাসহ বিভিন্ন অভিযোগে বলাকা, বেলালসহ কয়েকটি বাসকে ২৩ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। যাত্রীরা নিরুপায়: মিরপুর ১ নম্বর থেকে কলাবাগানে কর্মক্ষেত্রে যাতায়াতকারী একটি ডায়াগনস্টিক সেন্টারে (রোগনির্ণয় কেন্দ্র) কর্মরত পারভীন হোসেন প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করেই বাস কমে গেছে। বিশেষ করে কাজ শেষে রাতে বাসায় ফেরা রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তখন আর বাড়তি কত টাকা নিচ্ছে, তা দেখারও ফুরসত মেলে না। বাস পেলেই হলো। অনেক সময় বাস পেলেও নারীদের তুলতে চায় না “আসন খালি নেই” বলে। দাঁড়িয়ে যেতে চাইলে বাজে মন্তব্য করা হয়। তখন আবার আধা ঘণ্টা, এক ঘণ্টা অপেক্ষার পালা। সব মিলে রাত কয়টায় বাসায় ফিরতে পারব, তার কোনো নিশ্চয়তা থাকে না।’মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত লিপিকা দত্ত প্রথম আলোকে বলেন, বাসে উঠলেই পাঁচ টাকা দিতে হচ্ছে। রাজধানী বাসে যাতায়াতের অভিজ্ঞতায় লিপিকা বলেন, মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে সায়েন্স ল্যাব ১০ টাকা, কিন্তু শাহবাগ পর্যন্ত সেই ভাড়া ১৫ টাকা হয়ে যাচ্ছে।শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত শাহনেওয়াজ আক্তার বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জের এসি ছাড়া বন্ধন, উৎসবসহ বিভিন্ন বাসের ২১ টাকা ভাড়ার জায়গায় দিতে হচ্ছে ৩০ টাকা। এসি বাস আসিয়ান সিটি সিটিং সার্ভিসের ভাড়া ৩০ টাকার জায়গায় ৪০ টাকা দিতে হচ্ছে। অন্যদিকে, লোকাল বাসে উঠলেই পাঁচ টাকা দিতে হচ্ছে, আগে যেখানে এক টাকা বা দুই টাকা দিলেই চলত। অন্যদিকে, কখন কোন অজুহাতে মালিকেরা বাস বন্ধ করে দেবেন, সে ভয় তো আছেই।ঢাকা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়মিত যাতায়াতকারী মীনা আক্তার প্রথম আলোকে বলেন, শাহাজাদপুর ট্রাভেলস, কিংসসহ বিভিন্ন বাসে কখনো ২০০ টাকা, কখনো ২৩০ টাকা রাখা হচ্ছে। বৃহস্পতি ও শুক্রবারে একই দূরত্বে ভাড়া দিতে হয় ২৫০ টাকা। টিকিটে টাকার জায়গাটুকু ফাঁকা থাকে, তাই সেখানে যে টাকার পরিমাণই লিখে দেয়, যাত্রীরা তা-ই দিতে বাধ্য হন।