বাসের চাপায় বায়িং হাউসের কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল রোববার সকালে বাসের চাপায় কামরুল আহসান (৩৮) নামের ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুরের একটি বায়িং হাউসের কর্মকর্তা।দুর্ঘটনার পর বাসের চালককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ জনতা ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কামরুল আহসান মিরপুর ১৩ নম্বরের ৭৪৫ আশিদাগ এলাকায় থাকতেন। গতকাল সকাল নয়টার দিকে তিনি মোহাম্মদপুরে তাঁর কার্মস্থলে যাওয়ার জন্য একটি রিকশায় মিরপুর ১০ নম্বরের দিকে রওনা হন। একপর্যায়ে আয়ুর্বেদিক কলেজের সামনে ‘বাহন’ পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে কামরুল রিকশা থেকে ছিটকে পড়েন এবং ওই বাসটি তাকে পিষ্ট করে। তিনি ঘটনাস্থলেই মারা যান।বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। এ সময় তারা ওই বাসসহ কয়েকটি বাস ভাঙচুর করে। বাসের চালককে গ্রেপ্তারের দাবিতে জনতা সড়ক অবরোধ করে রাখে। এ সময় দুদিকের রাস্তায় শত শত যান আটকা পড়ে এবং আশপাশের সড়কগুলোতে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। এরপর সকাল ১০টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়। কামরুল আহসান দুই মেয়ের জনক। তাঁর বাবা জিন্নাতুর রহমান। বাড়ি কুমিল্লার লাকসামের গাজীমুরায়।