বাসের টিকিটে বাড়তি টাকা, বিড়ম্বনা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন সড়কপথে চলা বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের অভিযোগ, নিয়মিত ভাড়ার চেয়ে এবার যাত্রীদের গুনতে হচ্ছে টিকিট প্রতি বাড়তি বাড়া। সঙ্গে যোগ হয়েছে বিড়ম্বনা।
আজ ভোর সাড়ে পাঁচটা থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। টিকিট থাকা সাপেক্ষে ৪ ও ৫ জুলাইও অগ্রিম টিকিট বিক্রি চলবে।
সকালে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাসের অগ্রিম টিকিটের জন্য শত শত মানুষ কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে। টিকিট-প্রত্যাশীদের অভিযোগ, টিকিটের দাম বেশি হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছেন না অনেকে। আবার কেউ টিকিট পেলেও কাঙ্ক্ষিত দিন ও সময়ের টিকিট মিলছে না।
রাজধানীর নর্দা থেকে গাবতলীতে টিকিট নিতে আসা সানোয়ার হোসেন বলেন, নির্দিষ্ট দিনের টিকিটের জন্য তিনি ভোরে এসে লাইনে দাঁড়িয়েছেন। এরপরও সামনে থেকে অনেকে বলছেন, নির্দিষ্ট দিনের টিকিট নেই। টিকিট-প্রত্যাশী আবুল কালাম আজাদ বলেন, লাইনে বিশৃঙ্খলা হচ্ছে। আগে পুলিশ এসব লাইন ঠিক করত। এবার কোনো পুলিশ নেই। কেউ কারও কথা মানছে না। এতে দুর্ভোগে পড়েছেন টিকিট-প্রত্যাশীরা।
টিকিট নিতে আসা গণস্বাস্থ্য কেন্দ্রের ছাত্রী ফারহানা ইয়াসমিন বলেন, মেয়েদের লাইনে পুরুষেরা ঢুকে পড়ছে। কেউ কোনো বাধা মানছে না। মেয়েদের জন্য আলাদা লাইনের দাবি করেন তিনি।
নাবিল পরিবহনে নীলফামারী যাবেন ইমরান হোসেন। সকাল সাতটা থেকে দাঁড়িয়ে আছেন। সকাল ১০টায় এসেও টিকিট মেলেনি তাঁর। ভ্যাপসা গরমে ঘামছিলেন এই পোশাকশ্রমিক। শ্যামলী পরিবহনের অগ্রিম টিকিট নিতে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট পাননি। তাঁর অভিযোগ, যাঁরা টিকিট দিচ্ছেন তাঁরা অদক্ষ। একটি টিকিট দিতে ১০ মিনিটের বেশি সময় নিচ্ছেন।

তবে দক্ষিণবঙ্গগামী বাস কাউন্টারগুলোর যাত্রীদের অতিরিক্ত ভাড়ার নেওয়ার অভিযোগ ছাড়া বিশৃঙ্খলার অভিযোগ নেই। কল্যাণপুরের হানিফ কাউন্টারের যশোর যাবেন যাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পারভীন সুলতানা। তিনি বলেন, এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়েছি। এতেই খুশি। আগের চেয়ে টিকিটের দাম ১৭০ টাকা বেশি নিয়েছে বলে জানান তিনি।
যাত্রী ও কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি টিকিটে ১৭০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তবে চেয়ার কোচগুলোতে পরিবহন ভেদে এর পরিমাণ আরও বেশি। ৯ জুলাই থেকে ঈদ পর্যন্ত বাসের টিকিটে এই বাড়তি ভাড়া আদায় শুরু হবে।
বাড়তি ভাড়া নেওয়া প্রসঙ্গে হানিফ পরিবহনের ব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, ঈদে গন্তব্যস্থল থেকে খালি গাড়ি নিয়ে আসতে হয়। এ কারণে ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তিনি বলেন, ১৪ ও ১৫ জুলাই ঘরমুখো মানুষের স্বাভাবিক চাপ থাকবে। ১৬ জুলাই হচ্ছে ঈদের আগে সরকারি-বেসরকারি চাকুরেদের শেষ কর্ম দিবস। তাই এই তিন দিন টিকিটের চাহিদা বেশি থাকবে।
কল্যাণপুরের বিভিন্ন বাস কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁদের কাছে ১৬ জুলাই রাতের কোনো বাসের টিকিট ও শীতাতপ নিয়ন্ত্রিত কোনো বাসের টিকিট নেই।
এদিকে বিআরটিসি ঈদকে সামনে রেখে বিশেষ সেবা চালু করেছে। এ বিষয়ে জানতে চাইলে বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল এ আর মোহাম্মাদ পারভেজ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘১০ জুলাই থেকে আমাদের বিভিন্ন বাস ডিপোতে অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে। ঈদের আগে ও পরে যাত্রীদের সঠিকভাবে সেবা দিতে আমরা বিশেষ তদারকি সেল গঠন করেছি। কোথাও বাস নষ্ট হলে যাতে দ্রুত সমস্যা সমাধান হয়, এ বিষয়েও বিশেষ নজর থাকছে।’ তিনি বলেন, ‘বিআরটিসি বাসের প্রধান দিক হচ্ছে, অন্যান্য বাসের তুলনায় এর ভাড়া কম থাকে। শতভাগ সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।’
আরও পড়ুন
নামেই ‘বিশেষ’ ঈদ আয়োজন