বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় মো. মুন্না (১৫) নামের এক কিশোর মারা গেছে। সে স্থানীয় নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। মিরপুরের শাহ আলীবাগ মসজিদ রোডে থাকত মুন্না। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়। মুন্নার বাবার নাম আবদুর রাজ্জাক।
কামাল হোসেন নামে মুন্নার এক আত্মীয় প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার মিরপুরের দিয়াবাড়ি এলাকায় মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল মুন্না। সকাল সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরার সময় দিয়াবাড়ি মোড়ে দাঁড়িয়ে ছিল ওই কিশোর। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা আলিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় মুন্না। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, বাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহযোগী দুজনই পালিয়ে গেছেন। গতকাল রাতে মুন্নার মামা মো. লিটন শাহ আলী থানায় মামলা করেছেন।