বাসের ধাক্কায় একজন নিহত
পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে বাসের ধাক্কায় দিলু গাজী নামের এক রিকশারোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশাচালকসহ দুজন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দিলু গাজী ও দেলোয়ার হোসেন বেলা পৌনে দুইটার দিকে রিকশায় করে গুলিস্তান থেকে সদরঘাট যাচ্ছিলেন। এ সময় একটি বাস তাঁদের রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দিলু গাজীর মৃত্যু হয়। আহত অবস্থায় দেলোয়ার ও রিকশাচালক লিটনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দিলুর বাড়ি চাঁদপুরে। বাসসহ চালক উজ্জ্বল শেখকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার খবর শোনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটি ভাঙচুর করেন। এ সময় পুলিশ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে আটক করে। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা মুচলেকা দিয়্রেছাত্রদের ছাড়িয়ে আনেন।সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) এমামুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নিহত দিলু গাজীর লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।