বাসের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
রাজধানীর শ্যামলীতে গতকাল মঙ্গলবার রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ফারজানা ইয়াসমীন ওরফে ইলা (২২) নামের ওই শিক্ষার্থী বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় ফারজানার ভাইয়ের এক বন্ধু আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে শ্যামলী ফুটওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ফারজানা, তাঁর ভাই রাজীব হাসান ও তাঁর বন্ধু হিটলার রিংরোডের দিক থেকে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ফুটওভারব্রিজ থাকলেও তাঁরা নিচ দিয়ে হেঁটেই ব্যস্ত এ সড়ক পার হচ্ছিলেন। পেছনে থাকা ভাইয়ের চোখের সামনে বিআরটিসির একটি বাস ধাক্কা দেয় ফারজানাকে। এ সময় হিটলারও পড়ে গিয়ে আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।চোখের সামনে একমাত্র বোনকে হারিয়ে শোকে বিমূঢ় রাজীব। কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, ট্রাফিক সিগন্যাল দেখেই তাঁরা রাস্তা পার হচ্ছিলেন। কিন্তু বাসটি সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে চলে আসে। ফারজানাকে আঘাতকারী বাসটি আটক করেছে শেরেবাংলা নগর থানার পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। ফারজানা হোটেল ব্যবস্থাপনা বিভাগের শেষ সেমিস্টারে পড়তেন। তাঁদের গ্রামের বাড়ি পাবনার সুজানগরে। পরিবার ঢাকার খিলক্ষেত তালেরটেক এলাকায় থাকে। চার ভাই ও এক বোনের মধ্যে ফারজানা ছিলেন তৃতীয়।