বাসের ধাক্কায় বুয়েটের তিন ছাত্র আহত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা মেডিকেল কলেজের মধ্যবর্তী সড়কে বাসের ধাক্কায় বুয়েটের তিন ছাত্রসহ চারজন আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কটি প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।আহত ব্যক্তিরা হলেন, বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র শুভ রহমান, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র রাতুল খান, একই বিভাগের প্রথম বর্ষের ছাত্র ইব্রাহিম আহমেদ খান ও রিকশাচালক মো. লিটন। তাঁদের মধ্যে মো. লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শাহবাগ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা একটার দিকে ওই তিন ছাত্র রিকশায় ওই পথ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজের একটি স্টাফ বাস ওই রিকশাকে ধাক্কা দিলে রিকশাচালকসহ চারজনই ছিটকে পড়েন। খবর পেয়ে বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী এসে সড়কটি অবরোধ করে রাখেন। পরে বুয়েট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।