বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা ব্রিজের ঢালে গ্রিন লাইন বাসের ধাক্কায় মো. সাইফুল ইসলাম (৪২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবার জানায়, সাইফুল মিরপুর ১ নম্বর সেকশন এলাকায় পরিবার নিয়ে থাকেন। পেশায় তিনি ঠিকেদার ছিলেন। নিহত ব্যক্তির বাবার নাম মো. ওয়াজেদ মোল্লা। বাড়ি মাগুরার সদর উপজেলার আজমপুর গ্রামে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আনসার প্রথম আলোকে বলেন, বাসের ধাক্কায় একজন মারা গেছেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে। তবে বাসটি পালিয়ে গেছে। কোন কোম্পানির বাস তাঁকে ধাক্কা দিয়েছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আবু আনসার বলেন, ‘আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি । তবে পরিবার কোনো মামলা করবে না বলে পুলিশকে জানিয়েছে।’
নিহত ব্যক্তির ছোট ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, ঈদ শেষে গ্রাম থেকে ঢাকার পোস্তগোলায় আসেন তিনি। সেখান থেকে মিরপুরে যাওয়ার কথা ছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় গ্রিনলাইনের একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।