পুলিশের রিকুইজিশন করা একটি বাসের ধাক্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্র আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনার পর দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।সূত্র জানায়, গতকাল সকালে উত্তরা থেকে একটি দ্বিতল বাস শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছিল। সকাল সাড়ে আটটার দিকে বাসটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের একটি রিকুইজিশন করা বাস এটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দ্বিতল বাসের পাদানিতে দাঁড়িয়ে থাকা রাহাত খান, মেশকাতুল আলম, মনির, জাহিদ ও শুভ নামের পাঁচ ছাত্র আহত হন। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা ঘাতক বাসটি ভাঙচুর করেন। তবে দুর্ঘটনার সময় বাসটিতে পুলিশের কোনো সদস্য ছিলেন না। ছাত্র আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। দুপুর পৌনে ১২টায় ভাস্কর্য চত্বরে মানবন্ধন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা দোষী ব্যক্তিদের শাস্তি ও পরিবহন-সংকট নিরসনে পর্যাপ্ত বাসের দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের বাসচালক হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, মৌচাক মোড়ের কাছে এসে মোড় নেয়ার সময় পেছন থেকে পুলিশের বাসটি অযথাই ধাক্কা দেয়। ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আহত ছাত্রদের চিকিৎসার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।