বাসের ধাক্কায় ৯ পুলিশ আহত
রাজধানীর হাইকোর্ট এলাকায় গতকাল মঙ্গলবার সকালে বাসের ধাক্কায় ভ্যানে বসে থাকা পুলিশের নয় সদস্য আহত হয়েছেন। আহতদের রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে হাইকোর্টসংলগ্ন ফোয়ারার পাশে দাঁড়িয়ে থাকা একটি পুলিশভ্যানকে ধাক্কা দেয় মাইলাইন পরিবহনের দ্রুতগামী একটি বাস। এতে ভ্যানের পেছনে বসা পুলিশের নয় সদস্য আহত হন। তাঁরা সবাই পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব পালন করছেন।আহতরা পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল আলাল (২৮), মাজেদুল (২৬), হুমায়ুন কবির (২৬), আলমগীর (৩০), আবদুর রহমান (২৮), নুর মোহাম্মদ (২৮), আবদুল খালেক (২৫), জ্যোতি (২৬) ও নায়েক শারাফাত উল্লাহ (৩০)।শাহবাগ থানা থেকে জানানো হয়, বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।