যৌন হয়রানি রোধে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের অগ্রগতি আগামী দুই সপ্তাহের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের ১৪ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ যৌন হয়রানি রোধে কয়েকটি দিকনির্দেশনা-সংবলিত একটি রায় দেন। পাশাপাশি যৌন হয়রানির কার্যকর একটি সংজ্ঞা দিয়ে দেশের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য অভিযোগ কেন্দ্র গঠন, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্যাতিত ও অভিযুক্তের পরিচয় প্রকাশ না করা এবং এ বিষয়ে সংসদে আইন তৈরি না হওয়া পর্যন্ত এ রায় আইন হিসেবে কাজ করবে বলে আদালতের নির্দেশনায় বলা হয়। কিন্তু এ রায় বাস্তবায়িত না হওয়ায় গত ৮ মার্চ বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি বাদী হয়ে মন্ত্রিপরিষদ-সচিব, আইনসচিব, শিক্ষাসচিব, তথ্যসচিব, যোগাযোগ-সচিব, মহিলা ও শিশুবিষয়ক-সচিব, শ্রমসচিব, বিজিএমইএর সভাপতি, বিকেএমইএর সভাপতি, আইজিপি, বিটিভির মহাপরিচালক ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। গতকাল শুনানির পর আদালত আদেশ দেন।