
বাজিরাও মাস্তানি, দিলওয়ালে, ওবামা, মোদি কোট, মাসাককালি, বজরঙ্গি, ওয়েস্টার্ন ক্যাপ্রিসহ বাহারি সব নাম। এসব নাম শিশুদের পোশাকের। মেয়েশিশুদের কোনো কোনো ঘাগড়া পায়ের পাতা পর্যন্ত লম্বা। এগুলোর নাম ফ্লোর টাচ। কোনো কোনো ঘাগড়ায় পুঁতি, চুমকি বসানো। মোদি কোটসহ বিভিন্ন পোশাকের দামও কম নয়। লং পার্টি ফ্রক বাজিরাও মাস্তানির দামই কোনো কোনো দোকানি হাঁকছেন ১০ হাজার টাকা।
নাম বা দাম যা-ই হোক, বিভিন্ন বয়সী শিশু-কিশোর বাবা-মায়ের হাত ধরে ঘুরে ঘুরে ঈদের পোশাক কিনছে। কেউ নিজের, কেউ বা বাবা-মায়ের পছন্দে। আবার পোশাক কেনার পরও মুখ গোমড়া দেখা গেছে। কিশোর বয়সী ছেলে বা মেয়ের জন্য ঈদের পোশাক কিনতে আসা বাবা-মাকে একটু বেশি বিপাকে পড়তে দেখা যায়। ছেলে বা মেয়ের পছন্দ হয় তো মায়ের হয় না, মায়ের পছন্দ হয় তো বাবার হয় না।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা শপিং মল, আড়ং, অঞ্জন’স, বিশ্বরঙসহ বিভিন্ন ফ্যাশন হাউস ও বিপণিবিতানে এ ধরনের চিত্রই দেখা গেল। বসুন্ধরা শপিং মলে ভারতের ঝলমলে বিভিন্ন পোশাকের পাশাপাশি দেশি দশে আরামদায়ক তবে ঝলমলে রঙের পোশাকও সন্তানদের জন্য কিনছেন অভিভাবকেরা। দেশীয় ফ্যাশন হাউসগুলোও দেশীয় কাপড়ে শিশুদের উপযোগী এবং উৎসবের আমেজে বিভিন্ন পোশাক এনেছে। বাবার সঙ্গে ছেলের এবং মায়ের সঙ্গে মেয়ের ম্যাচ করা পোশাক এনেছে সাদাকালোসহ বিভিন্ন ফ্যাশন হাউস। এবার শিশুদের জন্য বাহারি শাড়িও তৈরি করেছে ফ্যাশন হাউসগুলো।
বসুন্ধরা শপিং মলে কথা হয় ডেমরার বাসিন্দা মো. রফিকের সঙ্গে। তিনি তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে এসেছেন কেনাকাটার জন্য। ছোট মেয়ে সামিয়ার জন্য একটি জামা পছন্দ করা হলো। তবে সামিয়ার মুখে হাসি একটু কম। ও নিজে পুঁতি দেওয়া বড় ঝালরের গাউন পছন্দ করেছে। পরে তাকে ওই গাউনও কিনে দেওয়া হবে বলে আশ্বাস দিলে পুরো মুখে হাসি ছড়িয়ে পড়ে।
বিভিন্ন বিপণিবিতানে এবার মেয়েশিশু ও কিশোরীদের জন্য ভারী গাউন বিক্রি হতে দেখা গেল। গাউনগুলোর আবার বাহারি কাট। গাউনের সঙ্গে কামিজ, ওড়নাসহ কয়েকটি পার্ট বা স্তর আছে। ছেলেশিশুদের পছন্দের তালিকায় আছে বিভিন্ন কটি দেওয়া পোশাক। বাহারি নামের প্রসঙ্গে দোকানিরা হেসে জানালেন, ভারত থেকে আসা পোশাকে কোনো নাম দেওয়া থাকে না, ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিক্রেতারা একেকটার নাম দিয়ে বিক্রি করেন।
পান্থপথের বাসিন্দা ৭২ বছর বয়সী মাফিদা রহমান পুত্রবধূকে নিয়ে রাপা প্লাজা থেকে ছয় নাতি-নাতনির জন্য কেনাকাটা করেছেন। মাফিদা রহমানের মন কিছুটা খারাপ। ছোট দুই নাতনির জন্য ‘থাক থাক, কুচি কুচি’ দেওয়া জামা খুঁজছিলেন। কিন্তু খুঁজে পেলেন না। পরে লম্বা গাউনের পোশাক কিনেছেন। বড় নাতনির জন্য থ্রিপিস কিনেছেন। বড় নাতিকে টাকা দিয়ে দেবেন। অন্য নাতিদের জন্য শার্ট-প্যান্ট কিনেছেন।
মাফিদা রহমান বললেন, ‘ঈদ, পয়লা বৈশাখসহ বিভিন্ন উৎসবে নিজের জমানো টাকা দিয়ে নাতি-নাতনিদের জন্য নিজের পছন্দমতো কেনাকাটা করি।’
আড়ং নবজাতক থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিশুদের জন্য এনেছে হরেক রকমের পোশাক। আট থেকে ১৫ বছর বয়সী মেয়েশিশুদের জন্য আছে ঘাগড়া চোলি, স্কার্ট টপ এবং প্যান্ট টপ সেট। সালোয়ার-কামিজ তো আছেই।
বিশ্বরঙের ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা বিপ্লব সাহা বলেন, এবারের ঈদ বেশ গরমের সময়ে হচ্ছে। শিশুরা যাতে আরাম পায়, তার জন্য সুতি কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে ঈদ বলে কথা। তাই সুতি কাপড়ের সঙ্গে জর্জেট, শিফন কাপড়ের মিশেলে তৈরি করা হয়েছে পোশাক। এতে চাকচিক্য আনতে ডলার, সুতার কাজসহ বিভিন্ন কিছু দিয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন ফিউশনধর্মী টপস, কটিযুক্ত কামিজ, কয়েক স্তরের লেয়ারকাট, আনারকলি, ফ্লোর টাচসহ অন্যান্য পোশাকও এবার বেশ বিক্রি হচ্ছে।