বাহারি সাজ, ব্যতিক্রমী ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী উদ্যোক্তা সিম্মী ইরাম খান কাজ করছেন গরুর সাজগোজ নিয়ে।
ছবি: মানসুরা হোসাইন

ঈদ এলে সবাই সামর্থ্য অনুযায়ী নিজের ও পরিবারের সদস্যদের জন্য পোশাকসহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন। ব্যবসায়ীরাও ক্রেতার চাহিদা অনুযায়ী দুই ঈদের পরিকল্পনা সাজান। একজন আছেন ব্যতিক্রম। ঈদুল ফিতরে তাঁর পরিকল্পনা থাকে পোশাক বিক্রি নিয়ে। কোরবানির ঈদে তার সঙ্গে যুক্ত করেন গরুর সাজসজ্জা বিক্রি। পাঁচ বছর ধরে তাঁর ব্যবসার এই ধারা চলছে।

গরুর সাজের জিনিস।
ছবি: সংগৃহীত

তিনি সিম্মী ইরাম খান। ঈদের এখনো কয়েক দিন বাকি। ইতিমধ্যে সিম্মী বিক্রি করেছেন আট লাখ টাকার গরুর সাজসরঞ্জাম। এর মধ্যে আছে গরুর গলার বেল্ট বা মালা, পালকের তৈরি মুকুট, পেট-পিঠে জড়ানোর জন্য ১০০ ইঞ্চি মাপের ঝুল এবং মুখের শোভা বর্ধনের জন্য মুহুরি। আরও আছে ভেলভেট কাপড়ে ডলার বসিয়ে বানানো শাহজাদা চাদর।

রাজধানীর মোহাম্মদপুরে সিম্মী ইরাম খানের বাসা। সেখানেই কৃত্রিম লেদার, মেটাল, ঘণ্টা, ঘুঙুর, ভেলভেট কাপড়, এমব্রয়ডারির পেটানো কাজ—এসব নিয়ে ব্যস্ত সিম্মী ও তাঁর কর্মীরা। গরুর এই সাজসজ্জার জন্য ফেসবুকে পেজ ও গ্রুপ আছে। গরুর ফটোশুট হয়। সাজানোর পর ফেসবুক লাইভও হয় গরু নিয়ে। পণ্য হাতে পেয়ে ক্রেতারা তার রিভিউ (পর্যালোচনা) দেন। সব মিলিয়ে জমজমাট ব্যাপার।

সিম্মী খান মূলত মদিনা অ্যাগ্রো, রুস্তম অ্যাগ্রো, খান অ্যাগ্রো, সামারাই ক্যাটেল ফার্ম, ওয়েলটেক অ্যাগ্রো, আল-হেরা অ্যাগ্রো, সারা অ্যাগ্রোসহ দেশের বড় অ্যাগ্রো ফার্মের কাছ থেকে কাজের আদেশ পান। ব্যক্তিগতভাবেও অনেকে কিনতে চান। এক লাখ টাকার বেশি দামের গরুগুলোর জন্যই মূলত সাজসজ্জার উপকরণ কেনেন ক্রেতারা। তবে এবার দেশি ছোট গরুর জন্যও কিছু উপকরণ বানিয়েছেন এই উদ্যোক্তা।

নিজের দুই ভাই প্রথমে গরু সাজানোর উপকরণ বানানোর প্রস্তাব দিয়েছিলেন বোনকে। প্রথমে নিজেদের গরুর জন্য বানানো হলেও পরে তা ব্যবসায়িক উদ্যোগে পরিণত হয়। ইংরেজি মাধ্যমে পড়া সিম্মীর ছেলে সামিন জাওহার আম্বারও এখন মায়ের এই ব্যবসায় সহযোগিতা করছেন।

আট লাখ টাকার গরুর সাজ বিক্রির তথ্য জানিয়ে সিম্মী ইরাম খান প্রথম আলোকে বলেন, ‘অনেকে ভাবতে পারেন, খুব সহজেই এত টাকা আয় করছি। বিষয়টি মোটেও তা নয়। উপকরণ তৈরির জন্য বিভিন্ন জিনিস পুরান ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে সংগ্রহ করতে হয়। লেদারের মধ্যে এমব্রয়ডারি করাসহ অন্যান্য কাজে প্রচুর সময় লাগে। তাই খরচ ও পরিশ্রমের তুলনায় লাভটা খুব বেশি নয়। তবে ক্রিয়েটিভ বা শৌখিন কাজ তো আর হিসাব-নিকাশ করে করা যায় না।’

গরুর সাজের জিনিস।
ছবি: সংগৃহীত

সিম্মী খানে মিত্রা এবং তানা-বানা নামের পোশাকের দুটো ব্র্যান্ড আছে। ২০১৫ সাল থেকে (করোনার জন্য গত বছর কাজ বন্ধ ছিল) এর পাশাপাশি তিনি কোরবানির গরুর সাজসজ্জার উপকরণ তৈরি করছেন। শরীফ অ্যাগ্রোতে ৩০০ পিস মালা বিক্রির মধ্য দিয়ে তাঁর এ কাজের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছিল। এবার ২ হাজার ২০০ টাকায় গরুর পুরো সাজ বিক্রি করছেন তিনি। আলাদা করে মুখের মুহুরি আর গলার ঝুল ১ হাজার ৪০০ টাকা, কুঁজের ঝুল ৮০০ টাকা, চাদর ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তাঁর ‘গরুর মালা’ নামের ফেসবুক পেজে সাজসামগ্রীর খবর জানানো হয়।

সিম্মী জানান, এ কাজে তাঁকে দুই ভাই, মা আর ছেলে সহায়তা করে। আর বড় পরিচিতি এসেছে নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম উইম্যান অ্যান্ড ই–কমার্স ফোরামে (উই) যুক্ত হয়ে।